আইফোন ব্যবহারকারীদের জরুরি সতর্ক করল অ্যাপল
স্পাইওয়্যার হামলার আশঙ্কায় ১১০ দেশের আইফোন ব্যবহারকারী সতর্ক
বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। রাষ্ট্রের মদদপুষ্ট নজরদারি সফটওয়্যার বা ‘মার্সেনারি স্পাইওয়্যার’ হামলার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে।
অ্যাপলের এই সতর্কবার্তা সাধারণভাবে সব ব্যবহারকারীর জন্য নয়। নির্দিষ্ট কিছু ব্যক্তিকে লক্ষ্য করে এ ধরনের বার্তা পাঠানো হয়, যাদের ফোনে অত্যাধুনিক সাইবার হামলার ঝুঁকি রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সাংবাদিক, রাজনীতিবিদ, কূটনীতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে হামলাকারীরা এসব জটিল নজরদারি সফটওয়্যার ব্যবহার করে থাকে। এ ধরনের স্পাইওয়্যারের মধ্যে বহুল আলোচিত ‘পেগাসাস’ অন্যতম।
অ্যাপল জানিয়েছে, এসব হামলা খুবই সীমিত সময়ের জন্য পরিচালিত হওয়ায় সাধারণ নিরাপত্তা সফটওয়্যার দিয়ে সহজে শনাক্ত করা কঠিন হতে পারে। তবে সাধারণ আইফোন ব্যবহারকারীদের এ ধরনের হামলার শিকার হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে অনেক কম।
যেসব ব্যবহারকারী অ্যাপলের কাছ থেকে স্পাইওয়্যার সতর্কবার্তা পাবেন, তাদের দ্রুত কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আইফোনের ‘লকডাউন মোড’ চালু করা এবং প্রয়োজন হলে সাইবার নিরাপত্তা সহায়তা সংস্থার সঙ্গে যোগাযোগ করা।
আইফোন নিরাপদ রাখতে যা করবেন
সাইবার ঝুঁকি কমাতে অ্যাপল ব্যবহারকারীদের কয়েকটি সাধারণ নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে—
- আইফোনের সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা
- শক্তিশালী পাসকোড ব্যবহার করা
- ফেস আইডি বা টাচ আইডি চালু রাখা
- অ্যাপল আইডিতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা
- শুধু অনুমোদিত অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা
- অপরিচিত লিংকে ক্লিক করা বা অজানা ফাইল ডাউনলোড থেকে বিরত থাকা
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আধুনিক স্পাইওয়্যার হামলা সাধারণত নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়। তাই সাধারণ ব্যবহারকারীদের আতঙ্কিত না হয়ে নিয়মিত নিরাপত্তা অভ্যাস মেনে চলাই সবচেয়ে কার্যকর উপায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
