সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী
সিরাজগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ বর্তমানে বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে। অতিরিক্ত ঋণের কারণে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এত ঋণ করে গেছে যে, ভবিষ্যতে পরিস্থিতি সামাল দিতে না পারলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে যাবে।
তিনি বলেন, পরিকল্পিতভাবে এগোতে না পারলে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা আরও কঠিন হয়ে পড়বে। সরকার এমন একটি বাজেট দিয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে বাজেট বাস্তবায়নে জনগণ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
এর আগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য পৌরসভার কাছে ড্রামট্রাকসহ ছয়টি গাড়ি হস্তান্তর করেন মন্ত্রী। এ সময় তিনি নিজে একটি ট্রাকে ওঠেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বিষয়টি নিয়ে সমালোচনা করবেন, সেটি তিনি জানেন। তবে মানুষকে দেখানোর জন্য নয়, বরং ছোটবেলার স্মৃতি থেকেই তিনি ট্রাকে উঠেছেন।
মন্ত্রী বলেন, ৩০-৪০ বছর আগে সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতেন, পরিচ্ছন্নতার গাড়ি রাস্তা পরিষ্কার করছে এবং রাস্তা চকচক করছে। সেই স্মৃতি থেকেই তিনি ট্রাকে উঠেছেন।
তিনি আরও বলেন, পৌরসভার এসব গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। কারণ সরকারের প্রকৃত মালিক জনগণ।
এর আগে সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
