ফিটনেসবিহীন বাসের দিন শেষ, ঢাকার পথে নামছে ইলেকট্রিক বাস
প্রথম ধাপে ঢাকার সড়কে নামবে ২০০টি ইলেকট্রিক বাস।
নানা আলোচনা ও পরিকল্পনার পর অবশেষে বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ বাস্তবায়নের পথে যাচ্ছে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী তিন মাসের মধ্যে ঢাকার সড়কে দেখা মিলবে বিদ্যুৎচালিত আধুনিক গণপরিবহনের। প্রথম ধাপে ২০০টি ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
সড়ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এসব বাস চালুর পাশাপাশি চার্জিং স্টেশন, সার্ভিসিং সেন্টার নির্মাণ এবং প্রয়োজনীয় জনবল প্রশিক্ষণের কাজও শুরু করা হবে।
সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দীর্ঘ সময়ের সরকারি ক্রয়প্রক্রিয়ার কারণে যেন প্রকল্পে বিলম্ব না হয়, সে জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সাধারণ প্রক্রিয়ায় বাস আনতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। তবে দ্রুত বাস্তবায়নের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে যাওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তিন মাসের মধ্যে মানুষ ইলেকট্রিক বাসে চলাচলের সুযোগ পাবেন।
প্রথম ধাপে চালু হতে যাওয়া ২০০টি বাসের মধ্যে ৫০টি নারীদের জন্য নির্ধারিত থাকবে। একই সঙ্গে এসব বাস পরিচালনার জন্য চালক ও কারিগরি কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
মন্ত্রী জানান, ইলেকট্রিক বাস পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজও একই সময়ের মধ্যে এগিয়ে নেওয়া হবে। এর মধ্যে থাকবে চার্জিং স্টেশন, সার্ভিসিং সুবিধা ও পরিচালন ব্যবস্থাপনা।
তিনি আরও বলেন, বাস মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এ উদ্যোগে কোনো বাধা পাওয়া যাচ্ছে না। বরং তাদেরও ইলেকট্রিক বাস ব্যবস্থায় যুক্ত হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, একই রুটে একাধিক মালিকের আলাদা আলাদা বাস চলাচলের পরিবর্তে কোম্পানি ভিত্তিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হবে। পাশাপাশি ২০ বছরের বেশি পুরোনো বাসকে আর ফিটনেস সনদ না দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে তিন মাসের মধ্যে ইলেকট্রিক বাস চালুর বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবহন বিশেষজ্ঞরা। তাদের মতে, শুধু বাস কিনলেই হবে না, পুরো পরিবহন ব্যবস্থাকে নতুন প্রযুক্তির উপযোগী করে তুলতে হবে।
বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান বলেন, ইলেকট্রিক বাস চালুর আগে চালক, টেকনিশিয়ান ও সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি চার্জিং ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রয়োজন।
তিনি বলেন, শুধু বাস সংগ্রহ করে চালু করলেই হবে না। পুরো ইকোসিস্টেম প্রস্তুত না থাকলে দীর্ঘমেয়াদে এই উদ্যোগ টেকসই হবে না।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বর্তমান বিশৃঙ্খল বাস নেটওয়ার্ককে শৃঙ্খলার মধ্যে আনা না গেলে আধুনিক ইলেকট্রিক বাস থেকেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
