শ্রমিক কল্যাণ তহবিলে ২০ কোটি ৭৩ লাখ টাকা দিল ৪ প্রতিষ্ঠান
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে চার প্রতিষ্ঠানের অনুদানের চেক হস্তান্তর।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বিগত অর্থবছরের লভ্যাংশের নির্ধারিত অংশ হিসেবে চারটি প্রতিষ্ঠান মোট ২০ কোটি ৭৩ লাখ টাকা জমা দিয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে বছর শেষে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রমিকদের কল্যাণে গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে।
এবার চারটি প্রতিষ্ঠান তাদের নির্ধারিত অংশের অর্থ তহবিলে জমা দিয়েছে। এর মধ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড দিয়েছে ৭ কোটি ৫৯ লাখ টাকা। ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড পিএলসি জমা দিয়েছে ৭ কোটি ১৭ লাখ টাকা।
এ ছাড়া বিকাশ লিমিটেড ৪ কোটি ৭৯ লাখ টাকা এবং এপিএল (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড ১ কোটি ১৭ লাখ টাকা দিয়েছে। সব মিলিয়ে চার প্রতিষ্ঠান থেকে তহবিলে জমা হয়েছে ২০ কোটি ৭৩ লাখ টাকা।
চেক গ্রহণকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুস্থ ও অসুস্থ শ্রমিকদের চিকিৎসা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষা সহায়তার ক্ষেত্রেও তহবিলটি কাজে আসছে।
নির্ধারিত লভ্যাংশের অংশ নিয়মিত জমা দেওয়ায় চার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ধন্যবাদ ও সাধুবাদ জানান মন্ত্রী। একই সঙ্গে অন্যান্য কোম্পানিকেও তাদের নির্ধারিত অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বিজেএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
