ভিন্ন রূপে তানজিন তিশা, বাকপ্রতিবন্ধী চরিত্রে অভিনয়ে নতুন চমক

বিনোদন প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
ভিন্ন রূপে তানজিন তিশা, বাকপ্রতিবন্ধী চরিত্রে অভিনয়ে নতুন চমক

‘পারিজাতের জন্য ভালোবাসা’ নাটকে এক বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা।

বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত থাকায় সাম্প্রতিক সময়ে টেলিভিশন নাটকে তুলনামূলক কম দেখা যাচ্ছে অভিনেত্রী তানজিন তিশাকে। তবে দর্শকদের জন্য বেছে বেছে ভিন্নধর্মী গল্পে অভিনয় করে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার এক বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে অভিনয় করেছেন ‘পারিজাতের জন্য ভালোবাসা’ নাটকে।

গত ঈদে দর্শকদের প্রশংসা কুড়ানো এই নাটকটি এবার বাংলাভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। নাটকটি নির্মাণ করেছেন জুবায়ের ইবনে বকর। এর গল্প নেওয়া হয়েছে কথাসাহিত্যিক আনিসুল হক-এর কাহিনি থেকে।

নাটকটিতে তানজিন তিশার বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। এই জুটিকে এর আগেও ‘এক কাপ চা’, ‘সুলতান’, ‘বসন্তবৈরী’, ‘খুনসুটি’, ‘প্রণয় ফাল্গুনে’, ‘অবুঝ বায়না’, ‘ঘুণপোকা’, ‘দুষ্টু মিষ্টি প্রেম’, ‘ফান্দা’, ‘আসবে কি ফিরে’, ‘হোয়াট এ বউ’, ‘ফরেস্ট হিলের এক দুপুরে’, ‘শেষ প্রান্তে’, ‘বিউটি কুইন’, ‘অভিমান’ এবং ‘মানুষ মানুষ খেলা’সহ একাধিক নাটকে একসঙ্গে দেখা গেছে। প্রতিবারই তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

নতুন নাটক প্রসঙ্গে তানজিন তিশা বলেন, কিছু গল্প শুধু বিনোদন দেয় না, মানুষের জীবনের নানা দিক নিয়ে ভাবতেও শেখায়। তাঁর ভাষায়, ‘পারিজাতের জন্য ভালোবাসা’ এমনই একটি গল্প, যা দর্শকের মনে দীর্ঘদিন ছাপ রেখে যাবে।

তিনি আরও জানান, নাটকটিতে বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে অভিনয় করা ছিল তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং। সংলাপ ছাড়া শুধু অভিব্যক্তি, চোখের ভাষা ও শরীরী অভিনয়ের মাধ্যমে চরিত্রের অনুভূতি প্রকাশ করতে হয়েছে। সেই কারণেই চরিত্রটি তাঁকে শুরু থেকেই আকৃষ্ট করেছে।

নির্মাতা ও অভিনয়শিল্পীদের বিশ্বাস, গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীর সমন্বয়ে নাটকটি দর্শকদের আনন্দের পাশাপাশি আবেগও ছুঁয়ে যাবে।

আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন