চীনে দুর্নীতিবিরোধী অভিযানে ৬ জেনারেলসহ ১৩ জন বহিষ্কার
দুর্নীতির অভিযোগে চীনের আইনসভা থেকে ৬ দুর্নীতির অভিযোগে চীনের আইনসভা থেকে ৬ জেনারেলসহ ১৩ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।
চীনে দুর্নীতিবিরোধী অভিযান আরও জোরদার করেছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন। সর্বশেষ এই অভিযানে দেশটির সর্বোচ্চ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৬ জন শীর্ষ জেনারেলসহ মোট ১৩ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে একজন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
গত শুক্রবার রাতে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটি এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। যদিও বহিষ্কৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ প্রকাশ করা হয়নি, তবে তাদের অনেকের বিরুদ্ধেই আগে থেকে দুর্নীতির তদন্ত চলছিল বলে ধারণা করা হচ্ছে।
অপসারিত সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সেন্ট্রাল মিলিটারি কমিশনের ইকুইপমেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল সু সুয়েচিয়াং। গত অক্টোবর মাসে কমিউনিস্ট পার্টির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তার অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। এছাড়া ইস্টার্ন থিয়েটার কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল ওয়াং কাংপিংও বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন।
শুধু সামরিক বাহিনী নয়, বেসামরিক প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও আইনসভা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন জিনজিয়াং অঞ্চলের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান এবং একজন শীর্ষ আর্থিক নিয়ন্ত্রক কর্মকর্তা।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট শি জিনপিং দীর্ঘদিন ধরেই সামরিক বাহিনী ও সরকারি প্রশাসনে দুর্নীতি দমন এবং রাজনৈতিক আনুগত্য নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন। সাম্প্রতিক এই বহিষ্কারের ঘটনা সেই অভিযানেরই অংশ।
পর্যবেক্ষকদের ধারণা, চীনের কেন্দ্রীয় নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান আরও বিস্তৃত করতে পারে। ফলে সামরিক ও বেসামরিক প্রশাসনের উচ্চপর্যায়ে আরও পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্র: এসসিএমপি
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
