ভিক্ষা করতে গিয়ে ধরা জর্ডানের নারী কাছে মিলল প্রায় ৫৬ লাখ টাকা

reporter
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
ভিক্ষা করতে গিয়ে ধরা জর্ডানের নারী কাছে মিলল প্রায় ৫৬ লাখ টাকা

আম্মানে অভিযানে নগদ অর্থ উদ্ধার

জর্ডানের রাজধানী আম্মানে ভিক্ষাবৃত্তির আড়ালে বিপুল পরিমাণ অর্থ জমা রাখার অভিযোগে এক নারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। যৌথ অভিযানে তার কাছ থেকে নগদ প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ লাখ টাকারও বেশি

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জর্ডানের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বিশেষ অ্যান্টি-বেগিং টিম এবং পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট রাজধানীর ডাউনটাউন এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে হাতেনাতে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে রাজপথে মানুষের কাছে সাহায্য চেয়ে ভিক্ষা করতেন বলে অভিযোগ রয়েছে।

আটকের পর তার কাছে থাকা ব্যাগ ও ব্যক্তিগত সামগ্রী তল্লাশি করে নগদ অর্থ উদ্ধার করা হয়। বিষয়টি সামনে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, তিনি ভিক্ষার মাধ্যমে পাওয়া স্থানীয় অর্থ পরে বিভিন্ন বিদেশি মুদ্রায় রূপান্তর করতেন। তার বিরুদ্ধে আগে থেকেও ভিক্ষাবৃত্তি-সংক্রান্ত অভিযোগ ছিল বলে জানা গেছে।

কর্তৃপক্ষের দাবি, মানুষের সহানুভূতি অর্জনের জন্য তিনি অসুস্থতা ও দারিদ্র্যের গল্প ব্যবহার করতেন। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে আরও তদন্ত চলছে।

আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর জর্ডান সরকার সাধারণ মানুষকে সরাসরি রাস্তায় ভিক্ষুকদের অর্থ না দিয়ে নিবন্ধিত ও অনুমোদিত দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে সাহায্য করার আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পেশাদার ভিক্ষাবৃত্তি নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এই ঘটনা সেই বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে।

সূত্র: গালফ নিউজ

👍 আমাদের অফিসিয়াল Facebook Page