রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানা ও গাজী নজরুল ভোট দিয়েছেন?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানা ও গাজী নজরুল ভোট দিয়েছেন?

জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

দেশে দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৫টায় শেষ হয়েছে।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীকে প্রয়োজন ১৭৫ ভোট।

ভোটগ্রহণ চলাকালে আলোচনায় ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বিএনপির মনোনয়ন না পাওয়া এবং পরে দল থেকে বহিষ্কৃত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য কাকে ভোট দেবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়।

তবে বিকেল ৪টা পর্যন্ত রুমিন ফারহানা এবং জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে দেখা যায়নি।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না। তবে স্বতন্ত্র সংসদ সদস্যরা নিজেদের পছন্দ অনুযায়ী যেকোনো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পান।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ভোট দেওয়ার মধ্য দিয়ে। এরপর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তাকে সহায়তা করতে নির্বাচন কমিশন ২০ জন কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনকে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা ভোট দেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page