বৈধ ওয়াকি-টকির বিরুদ্ধে দেশজুড়ে যৌথ অভিযান শুরু, লাইসেন্স ছাড়া ব্যবহারে কঠোর সতর্কতা বিটিআরসির

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
বৈধ ওয়াকি-টকির বিরুদ্ধে দেশজুড়ে যৌথ অভিযান শুরু, লাইসেন্স ছাড়া ব্যবহারে কঠোর সতর্কতা বিটিআরসির

illegal-walkie-talkie-btrc-drive-bangladesh-2026-06-27

১৪২

লাইসেন্সবিহীন ও অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি এবং বেতার যোগাযোগ স্থাপনার বিরুদ্ধে দেশব্যাপী সমন্বিত যৌথ অভিযান শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অবৈধ ওয়াকি-টকি জব্দ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় থানায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিটিআরসি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে যথাযথ অনুমোদন ছাড়া যেকোনো ধরনের ওয়াকি-টকি বা বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন কিংবা পরিচালনার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

বিটিআরসি জানিয়েছে, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী-২০২৬)’ অনুযায়ী যেকোনো ধরনের ওয়াকি-টকি বা বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহারের আগে কমিশনের কাছ থেকে নির্ধারিত ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ বরাদ্দ এবং সংশ্লিষ্ট বেতার যন্ত্রের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। বৈধ লাইসেন্স ছাড়া এ ধরনের যন্ত্র নিজের কাছে রাখা, ব্যবহার, আমদানি বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

সংস্থাটি আরও জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, বেসরকারি নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ, শপিং মলসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ওয়াকি-টকি ব্যবহার করা হয়। এসব প্রতিষ্ঠানকে অবশ্যই বিটিআরসির অনুমোদন ও বৈধ লাইসেন্স নিশ্চিত করে বেতার যন্ত্র ব্যবহার করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে সুষ্ঠু বেতার যোগাযোগ ব্যবস্থা বজায় রাখা এবং অবৈধ ফ্রিকোয়েন্সি ব্যবহারের ঝুঁকি কমাতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কমিশন।

বিটিআরসি আরও সতর্ক করে বলেছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি লাইসেন্স ছাড়া ওয়াকি-টকি বা অন্য কোনো বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার, সংরক্ষণ বা বিপণন অব্যাহত রাখে, তাহলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই সঙ্গে দেশের সব নাগরিক, ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানকে প্রচলিত আইন ও বিধি-বিধান মেনে বৈধ অনুমোদন নিয়ে বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহারের আহ্বান জানিয়েছে কমিশন। অবৈধ যন্ত্র ব্যবহার থেকে বিরত থেকে নিরাপদ ও নিয়ন্ত্রিত টেলিযোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন