আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করল ইরান

reporter
আন্তর্জাতিক সংবাদদাতা
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করল ইরান

আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছে দেশটির সরকার। চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রথম ধাপে নিহত হওয়ার পর দীর্ঘ কয়েক মাস পর তাঁর রাষ্ট্রীয় শেষকৃত্যের আয়োজন করা হচ্ছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে আনুষ্ঠানিকভাবে শোকানুষ্ঠান শুরু হবে। টানা তিন দিনব্যাপী এই কর্মসূচি ৬ জুলাই পর্যন্ত চলবে। এরপর ৭ জুলাই পবিত্র শহর কোমে আলাদা শ্রদ্ধা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সবশেষে ৯ জুলাই খামেনির জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলীয় ধর্মীয় নগরী মাশহাদে তাঁকে দাফন করা হবে। শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে তাঁকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

নাগরিকদের অংশগ্রহণ সহজ করতে তেহরানে মূল শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে সরকারি ছুটি ঘোষণা করেছে ইরান প্রশাসন। সরকারি কর্মকর্তাদের ধারণা, কয়েক দিনের শোকানুষ্ঠানে রাজধানীতে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে। এ উপলক্ষে নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইসলামি রীতি অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফনের বিধান থাকলেও যুদ্ধকালীন পরিস্থিতির কারণে খামেনির শেষকৃত্য বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। মূলত মার্চ মাসে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থাকলেও চলমান সংঘাত ও নিরাপত্তাজনিত কারণে তা স্থগিত করা হয়েছিল।

আয়াতুল্লাহ আলী খামেনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শক্তিতে পরিণত হয়। মৃত্যুর পর তাঁর শেষকৃত্য ঘিরে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি ও জনআগ্রহ দেখা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন