ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বপ্নপূরণ ৪ সেতুতে বদলাবে সীমান্তের জনজীবন
নেত্রকোনার পর্যটনসমৃদ্ধ দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে বাস্তবায়নের পথে। যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ কমানো এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে এই দুই উপজেলায় চারটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চার সেতুর এ প্রকল্প অনুমোদন পায়। অনুমোদিত প্রকল্প অনুযায়ী, কলমাকান্দা উপজেলার মহাদেও নদীর উপর একটি, গণেশ্বরী নদীর উপর একটি এবং দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর উপর দুটি সেতু নির্মাণ করা হবে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণের পথে এটি একটি বড় অগ্রগতি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রকল্প বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, সেতুগুলো নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি দুর্গাপুর ও কলমাকান্দার মানুষের জীবনযাত্রার মানেও ইতিবাচক পরিবর্তন আসবে।
তাদের আশা, এই উদ্যোগ দুই উপজেলাকে ভবিষ্যতে একটি আধুনিক ও মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন
Array