প্রযুক্তি বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে গুগলের আসন্ন প্রিমিয়াম ল্যাপটপ সিরিজ ‘গুগলবুক’। এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে Qualcomm, তাদের শক্তিশালী Snapdragon X এআই চিপ ব্যবহার করা হবে গুগলের নতুন ল্যাপটপে। সবচেয়ে বড় বিষয় হলো, এই প্রথম কোনো Snapdragon X–চালিত ডিভাইস উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছাড়া বাজারে আসতে যাচ্ছে।
আরও পড়ুনঃ-চার্জার সবসময় প্লাগে রাখছেন? অজান্তেই বাড়ছে বিদ্যুৎ অপচয়
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের নতুন Googlebook সিরিজ চলতি বছরের শেষ দিকে বাজারে আসবে। এটি হবে গুগলের নতুন প্রিমিয়াম এআই–কেন্দ্রিক ল্যাপটপ প্ল্যাটফর্ম, যেখানে অ্যান্ড্রয়েড, ক্রোমওএস এবং জেমিনি এআই প্রযুক্তির সমন্বয় দেখা যাবে।
বিশ্লেষকদের মতে, গুগল এবার শুধু সাধারণ ল্যাপটপ তৈরি করছে না, বরং এআই–ভিত্তিক নতুন কম্পিউটিং অভিজ্ঞতা গড়ে তুলতে চাইছে। এ কারণে গুগলবুককে ভবিষ্যতের ‘এআই–নেটিভ’ ল্যাপটপ হিসেবেও দেখা হচ্ছে।
কোয়ালকম নিশ্চিত করেছে, Snapdragon X সিরিজের প্রসেসর গুগলবুকে ব্যবহার করা হবে। এতদিন এই চিপগুলো মূলত উইন্ডোজভিত্তিক এআরএম ল্যাপটপে ব্যবহৃত হলেও এবার প্রথমবারের মতো উইন্ডোজ ছাড়া অন্য প্ল্যাটফর্মে দেখা যাবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এটি কোয়ালকমের জন্যও বড় পরিবর্তনের ইঙ্গিত।
নতুন গুগলবুকে এআই ফিচারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে থাকবে ‘Magic Pointer’ নামের নতুন এআই–চালিত কার্সর প্রযুক্তি, যা স্ক্রিনে থাকা তথ্য বুঝে ব্যবহারকারীকে তাৎক্ষণিক পরামর্শ দিতে পারবে। উদাহরণ হিসেবে ইমেইলে কোনো তারিখ দেখলে সেটি থেকে দ্রুত মিটিং তৈরি করার সুবিধাও থাকবে।
এ ছাড়া গুগলবুক সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপ চালাতে পারবে এবং অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে আরও গভীর সংযোগ দেবে। ফলে স্মার্টফোন ও ল্যাপটপের অভিজ্ঞতা অনেকটাই একীভূত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগলের নতুন এই উদ্যোগ সরাসরি অ্যাপলের ম্যাকবুক এবং মাইক্রোসফটের এআই–পিসির সঙ্গে প্রতিযোগিতা করবে। বিশেষ করে Snapdragon X চিপের কম বিদ্যুৎ খরচ, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং শক্তিশালী এআই প্রসেসিং ক্ষমতা গুগলবুককে আলাদা সুবিধা দিতে পারে।
তবে নতুন প্ল্যাটফর্ম নিয়ে সমালোচনাও রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রযুক্তি ফোরামে অনেকে অতিরিক্ত এআই নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ মনে করছেন, গুগলের এই নতুন ল্যাপটপ সাধারণ ব্যবহারকারীদের জন্য কতটা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়।
জানা গেছে, Acer, ASUS, Dell, HP এবং Lenovo–র মতো বড় নির্মাতারা গুগলবুক ল্যাপটপ তৈরি করবে। চলতি বছরের শুরুতেই বাজারে আসতে পারে প্রথম ডিভাইসগুলো।
বিশেষজ্ঞরা বলছেন, যদি গুগল সফলভাবে অ্যান্ড্রয়েড, এআই এবং ডেস্কটপ কম্পিউটিংকে এক প্ল্যাটফর্মে আনতে পারে, তাহলে ভবিষ্যতে ল্যাপটপ বাজারে বড় পরিবর্তন দেখা যেতে পারে।
আরও পড়ুনঃ- কার্ড থেকে বিকাশ-নগদে টাকা আনতে প্রথমবার ৫০০ টাকা লেনদেন বাধ্যতামূলক









