১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, গৌরবের ইতিহাসে নতুন অধ্যায়

প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ণ
১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, গৌরবের ইতিহাসে নতুন অধ্যায়

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।

১২৬

১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে আজ (১ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।

১৯২১ সালের ১ জুলাই পূর্ব বাংলায় আধুনিক উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। নবাব সলিমুল্লাহ, নবাব নওয়াব আলী চৌধুরী ও শেরেবাংলা এ কে ফজলুল হকের দীর্ঘ প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠিত হয় দেশের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। তিনটি অনুষদ, ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক ও ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টি বর্তমানে ১৩টি অনুষদ, ১২টি ইনস্টিটিউট, ৮৪টি বিভাগ এবং ৪০ হাজারের বেশি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন র‌্যাংকিংয়েও অগ্রগতি অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাংকিং ২০২৬-এ বিশ্ববিদ্যালয়টি গত বছরের তুলনায় প্রায় ৬০০ ধাপ এগিয়ে ৪০১–৬০০ ব্যান্ডে জায়গা করে নিয়েছে। পাশাপাশি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭-এ টানা তৃতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান ধরে রেখেছে। এছাড়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ারের প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও গবেষক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, গবেষণাকেন্দ্রিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ২০২৬ থেকে ২০৪৬ সাল পর্যন্ত ২০ বছর মেয়াদি ‘ঢাকা ইউনিভার্সিটি একাডেমিক প্ল্যান’ প্রণয়ন করা হয়েছে। এতে গবেষণা, উদ্ভাবন, শিক্ষা আধুনিকায়ন, আন্তর্জাতিকীকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রাসহ স্মৃতি চিরন্তনে সমবেত হন। পরে উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এছাড়া জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। টিএসসি মিলনায়তনের আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।

তবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের আনুষ্ঠানিকভাবে স্মরণ করার কোনো আয়োজন রাখা হয়নি বলে জানা গেছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page