কলেজে ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে, ভর্তির আবেদন শুরু যেদিন
এসএসসি ফলের ভিত্তিতে একাদশে ভর্তি কার্যক্রম
আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে আগামী ২ সেপ্টেম্বর থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
সূত্র জানায়, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আগামী ১০ সেপ্টেম্বর। পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে অথবা যারা প্রথম ধাপে আবেদন করতে পারবেন না, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর নতুন করে কলেজ ভর্তির আবেদন করার সুযোগ পাবেন।
এই ধাপের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে ১৪ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের ফল যাচাই-বাছাই শেষে ভর্তির কার্যক্রম শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রায় ৭ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এবার পাসের হার কম হওয়ায় একাদশ শ্রেণিতে বিপুলসংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেশের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ।
গত বছর মোট আসনের ৫৮ দশমিক ৭ শতাংশ পূরণ হয়েছিল। খালি ছিল ৪১ দশমিক ৩ শতাংশ আসন। এবার এসএসসি পরীক্ষায় পাসের হার আরও কম হওয়ায় খালি আসনের সংখ্যা বাড়তে পারে।
তবে মোট আসন পর্যাপ্ত থাকলেও ভালো মানের ও জনপ্রিয় কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে। কারণ এসব প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত। এবার ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
