দেশজুড়ে এসটিইএম ল্যাব চালুর পরিকল্পনা সরকারের, বিজ্ঞান-প্রযুক্তিতে আগ্রহী হবে শিক্ষার্থীরা

শিক্ষা ও ক্যারিয়ার প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
দেশজুড়ে এসটিইএম ল্যাব চালুর পরিকল্পনা সরকারের, বিজ্ঞান-প্রযুক্তিতে আগ্রহী হবে শিক্ষার্থীরা

প্রাথমিক শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী করতে এসটিইএম ল্যাব চালুর পরিকল্পনা করছে সরকার।

প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) শিক্ষায় আগ্রহী করে তুলতে দেশজুড়ে প্লে ল্যাব ও এসটিইএম ল্যাব চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। কার্যকর মডেল পাওয়া গেলে পর্যায়ক্রমে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব ল্যাব স্থাপন করা হবে।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, আগামী বাংলাদেশের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এসটিইএমভিত্তিক শিক্ষার বিকল্প নেই। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতের প্রতি আগ্রহ তৈরি করা গেলে মাধ্যমিক পর্যায়ে এসব বিষয়ে ভীতি কমে যাবে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকার ব্র্যাকের প্লে ল্যাব ও এসটিইএম ল্যাব মডেল পর্যালোচনা করছে। শিগগিরই কয়েকশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে (পাইলট) এই প্রকল্প চালু করা হবে। সফল হলে পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি সম্প্রসারণ করা হবে। পরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের ল্যাব স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে পঞ্চম শ্রেণির প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী মাতৃভাষায় কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারছে না। গণিত ও ইংরেজিতে পরিস্থিতি আরও উদ্বেগজনক। এ কারণে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

ববি হাজ্জাজ জানান, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে সরকারি, বেসরকারি, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, ইবতেদায়ী, কওমি ও হাফিজি মাদ্রাসাসহ সব প্রতিষ্ঠানের জন্য একটি অভিন্ন ন্যূনতম শিক্ষার মান নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক উৎস থেকে শিক্ষা উপকরণ সংগ্রহের পাশাপাশি স্থানীয় শিল্পের মাধ্যমে প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। এতে শিক্ষা উপকরণের সরবরাহ যেমন নিশ্চিত হবে, তেমনি দেশের শিল্প ও অর্থনীতিও উপকৃত হবে।

এ ছাড়া চলতি মাস থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম, স্কুলব্যাগ ও জুতা বিতরণের পাইলট কার্যক্রম শুরু হবে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন