সোশ্যাল মিডিয়ায় কবিরাজি প্রতারণা স্বর্ণালংকার ও বিপুল অর্থ উদ্ধার, তিন প্রতারক গ্রেফতার
শেরপুরে “কবিরাজি”র নামে অভিনব কৌশলে প্রতারণা করে এক কিশোরীর কাছ থেকে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেয়া একটি চক্রকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জামালপুর। এ ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
পিবিআই, জামালপুর সূত্রে জানা যায়, শেরপুর সদর থানার মামলা নং-৪২, তারিখ ১৭ মার্চ ২০২৬, পেনাল কোডের ৪২০/৪০৬ ধারায় দায়ের করা এ মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। মামলার বাদী শেরপুরের কাপড় ব্যবসায়ী ছাইদুর রহমান অভিযোগ করেন, তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রতারকদের ফাঁদে পড়ে।
অভিযোগ অনুযায়ী, “কবিরাজ” পরিচয়ে প্রতারক চক্রটি ইমু অ্যাকাউন্ট ব্যবহার করে নানা সমস্যা সমাধানের প্রলোভন দেখিয়ে প্রথমে বিকাশের মাধ্যমে ২ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা হাতিয়ে নেয়। পরে ঝাড়ফুঁকের কথা বলে কৌশলে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
মামলার বিষয়টি জানার পর পিবিআই হেডকোয়ার্টার্সের নির্দেশনায় জামালপুর ইউনিট তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে দুইজন এবং ১৫ এপ্রিল ময়মনসিংহের মাসকান্দা এলাকা থেকে মূলহোতাসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মুছা মিয়া (২৯), মোঃ রফিকুল ইসলাম (২৮) এবং মূলহোতা মোঃ মনির হোসেন (২১)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মনির হোসেনের বাড়ির পাশের বাগানের মাটি খুঁড়ে ২৫ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।
পিবিআই সূত্রে আরও জানা যায়, প্রতারক চক্রটি ইমু অ্যাকাউন্টের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার মানুষের ব্যক্তিগত দুর্বলতা ও সমস্যাকে পুঁজি করে “কবিরাজি”র নামে প্রতারণা চালাত। তারা ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা, পশু, ধর্মীয় সামগ্রী ও অন্যান্য দ্রব্য দাবি করত।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সালাম জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ তিন লাখ টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন
Array