শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে মামলায়, সংসদে জানালেন শিক্ষামন্ত্রী

reporter
শিক্ষা ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ণ
শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে মামলায়, সংসদে জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে মামলায়, সংসদে জানালেন শিক্ষামন্ত্রী

সারা দেশে শিক্ষক সংকট নিরসনে বিভিন্ন নিয়োগ কার্যক্রম চললেও মামলা জটিলতার কারণে অনেক প্রক্রিয়া আটকে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগসহ বিভিন্ন শিক্ষক নিয়োগ কার্যক্রম বর্তমানে আদালতের মামলা জটিলতায় আটকে আছে। সাড়ে ২৫ হাজার, ২ হাজার ৬০০ এবং ১৭ হাজার শিক্ষক নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় এখনো নিষ্পত্তি করা সম্ভব হয়নি।

ড. মিলন জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আদালতে চলমান এসব মামলার দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত আপিল বিভাগে মামলাগুলো শুনানির তালিকায় না আসায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

তিনি বলেন, শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে প্রতিষ্ঠানপ্রধান ও কলেজ অধ্যক্ষ নিয়োগও মামলা জটিলতার কারণে ঝুলে আছে। একইভাবে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ কার্যক্রমও আদালতের মামলার কারণে স্থগিত রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে প্রায় ৩৩ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য হয়েছে। অনেক শিক্ষক দীর্ঘদিন পদোন্নতির অপেক্ষায় থেকে অবসরে চলে যাচ্ছেন। ফলে শিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক সংকটও তৈরি হচ্ছে।

তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির বিষয়টি প্রশাসনিকভাবে সম্পন্ন করতে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

সংসদে বক্তব্যে শিক্ষামন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, শিক্ষার উন্নয়ন ও শিক্ষক সংকট দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে মামলা জটিলতা নিরসন না হলে অনেক গুরুত্বপূর্ণ নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন