সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময় বাড়ল
সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ সময়সীমা ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে।
সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীদের বৈধতা সংশোধন ও পারমিট নবায়নের বিশেষ সুযোগ ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে নির্ধারিত শর্ত পূরণকারী প্রবাসীরা অতিরিক্ত সময় পেয়ে আইনি জটিলতা এড়াতে পারবেন।
মঙ্গলবার (৩০ জুন) সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সৌদি গ্যাজেট।
নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব বিদেশি কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসের বেশি আগে শেষ হয়েছে, তাদের নিয়োগকর্তারা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পারমিট নবায়ন অথবা বৈধতা সংশোধনের সুযোগ পাবেন।
এ ছাড়া, কোনো প্রতিষ্ঠানে যোগদানের ছয় মাসের মধ্যে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়নি, তারাও এই বিশেষ সুবিধার আওতায় থাকবেন।
মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন, নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার সুরক্ষা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই এই সময়সীমা বাড়ানো হয়েছে। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান ও কর্মী বৈধতা সংশোধনের উদ্যোগ নেওয়ায় এ সুবিধার পরিধি আরও সম্প্রসারণ করা হয়েছে।
একই সঙ্গে নিয়োগকর্তাদের নির্ধারিত সময়ের আগেই ওয়ার্ক পারমিট নবায়ন বা নতুন পারমিট ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা সংশোধন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।
এদিকে, কয়েক দিন আগে সৌদি সরকারের কিওয়া (Qiwa) প্ল্যাটফর্ম জানিয়েছে, যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নাম ১ জুলাই থেকে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগকর্তার রেকর্ড থেকে অপসারণ করা শুরু হবে।
কিওয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোনো কর্মীর নাম রেকর্ড থেকে বাদ পড়লেও বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া তাকে নিয়োগ দেওয়ার সময় সৃষ্ট আর্থিক দায়-দায়িত্ব নিয়োগকর্তাকেই বহন করতে হবে। তাই জরিমানা ও আইনি জটিলতা এড়াতে দ্রুত বকেয়া ফি পরিশোধ, পারমিট নবায়ন অথবা প্রয়োজনে কর্মীর সেবা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
