অফিস, স্কুলে ডেঙ্গু ঠেকাতে যে নির্দেশনা দিল সরকার

প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
অফিস, স্কুলে ডেঙ্গু ঠেকাতে যে নির্দেশনা দিল সরকার

বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও মশক নিধনের নির্দেশ

ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় নিয়মিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি শনিবার সমন্বিতভাবে এসব কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকারের ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নথিতে বলা হয়েছে, ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে তিন মাস এ কর্মসূচি চলবে। প্রতি শনিবারকে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন দিবস হিসেবে পালনের নির্দেশ রয়েছে।

নির্দেশনায় সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের পাশাপাশি বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, হোটেলসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। এসব প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে।

এর আওতায় শুধু প্রতিষ্ঠানের ভেতরের জায়গা পরিষ্কার করলেই হবে না। প্রতিষ্ঠানসংলগ্ন এলাকা, আশপাশের খোলা জায়গা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলও নজরদারির আওতায় রাখতে বলা হয়েছে।

বিশেষ করে বাসাবাড়ি, অফিস, জনসমাগমস্থল ও সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে সেখানে জমে থাকা পানি অপসারণের নির্দেশনা রয়েছে। নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমে এসব স্থানে মশার বংশবিস্তার রোধ করতে বলা হয়েছে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকেও নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা তৈরির জন্য র‌্যালি, মাইকিং, সভা, সেমিনার ও প্রচার-প্রচারণার ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট সিভিল সার্জনদের প্রয়োজনীয় ওষুধ, সরঞ্জাম, প্রশিক্ষণসহ কারিগরি সহায়তা দেওয়ার ব্যবস্থার কথাও নথিতে উল্লেখ রয়েছে।

সরকারি নির্দেশনার ফলে ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশন বা স্থানীয় প্রশাসনের ওপর নির্ভর না করে বিভিন্ন প্রতিষ্ঠানকেও নিজেদের দায়িত্বের আওতায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালাতে হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page