মুক্তি আমার প্রথম সিনেমার নায়িকা, নির্বাচনে পাশে ওমর সানী
মুক্তি আমার প্রথম সিনেমার নায়িকা, নির্বাচনে পাশে ওমর সানী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)। প্রার্থীদের প্রচারণা, শিল্পীদের সমর্থন এবং নানা সমীকরণের মধ্যেই সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তির পাশে দাঁড়িয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তিনি প্রকাশ্যে মুক্তির প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়েছেন।
১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমে একসঙ্গে বড় পর্দায় অভিষেক হয়েছিল ওমর সানী ও মুক্তির। ছবিটি ছিল দুজনেরই ক্যারিয়ারের প্রথম সিনেমা। সেই দীর্ঘদিনের সহশিল্পীর নির্বাচনি লড়াইয়ে এবার পাশে দাঁড়িয়েছেন ওমর সানী।
সম্প্রতি এফডিসিতে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ওমর সানী। তিনি বলেন, “ও (মুক্তি) আমার প্রথম সিনেমার নায়িকা। আমি মুক্তিকে আশীর্বাদ দিতে এফডিসিতে এসেছি। আমি যদি এটা না করি, তাহলে আমার কর্মজীবনের সঙ্গে গাফলতি হবে। আমি চাই মুক্তি ভালো কিছু করুক।”
মুক্তির সঙ্গে একই প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান। তাঁকেও শুভকামনা জানিয়ে ওমর সানী বলেন, আরমান তাঁদের সিনিয়র এবং চলচ্চিত্রকে আন্তরিকভাবে ভালোবাসেন। অতীতের নানা সংকটের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন সুন্দর পরিবেশে সম্পন্ন হবে এবং মুক্তির প্যানেল ভালো করবে।
শুধু এফডিসিতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও মুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন ওমর সানী। নিজের প্রথম সিনেমা ‘চাঁদের আলো’-এর পোস্টার এবং মুক্তির একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “আমার প্রথম সিনেমার নায়িকা, শ্রদ্ধেয় আনোয়ারা খালার সুযোগ্য কন্যা মুক্তি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছে। ওর জন্য আমার মন থেকে অনেক দোয়া ও শুভকামনা রইল।”
ওমর সানীর এই সমর্থনে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন রুমানা ইসলাম মুক্তি। তিনি বলেন, “সমুদ্রের যেমন কূলকিনারা নেই, এই খুশিরও তেমন কূলকিনারা নেই। আমার প্রথম সিনেমার নায়ক ওমর সানী ভাই। তিনি আমাকে দোয়া দিতে এসেছেন। তাঁকে পাশে পেয়ে আমি ভীষণ খুশি।”
চিত্রনায়িকা আনোয়ারার মেয়ে রুমানা ইসলাম মুক্তি দীর্ঘদিন চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও শিল্পীদের বিভিন্ন প্রয়োজনে সক্রিয় ছিলেন। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে তিনি নতুন দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে ওমর সানীর মতো জনপ্রিয় ও সিনিয়র অভিনেতার প্রকাশ্য সমর্থন তাঁর নির্বাচনি প্রচারণায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
