বলিউডে চাঞ্চল্য ২০ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি রোহিত শেঠিকে

বিনোদন প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
বলিউডে চাঞ্চল্য ২০ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি রোহিত শেঠিকে

বলিউডে চাঞ্চল্য ২০ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি রোহিত শেঠিকে

বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠি আবারও নিরাপত্তা হুমকির মুখে পড়েছেন। ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘সিংহাম’ ও ‘গোলমাল’ সিরিজের এই নির্মাতার কাছে ২০ কোটি রুপি চাঁদা দাবি করা হয়েছে। দাবি পূরণ না করলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি সামনে আসার পর তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং-এর নাম ব্যবহার করে এই চাঁদার দাবি জানানো হয়েছে। একটি অডিও বার্তার মাধ্যমে রোহিত শেঠির কাছে ২০ কোটি রুপি দাবি করা হয়। ওই বার্তায় বলা হয়, নির্ধারিত অর্থ পরিশোধ না করলে এবার সরাসরি তাঁকেই টার্গেট করা হবে।

জানা গেছে, রোহিত শেঠির কর্মীরা প্রথমে ওই অডিও বার্তাটি দেখতে পান। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। হুমকির উৎস শনাক্ত এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এটি রোহিত শেঠির বিরুদ্ধে প্রথম হুমকির ঘটনা নয়। কয়েক মাস আগে মুম্বাইয়ের জুহু এলাকায় তাঁর বাসভবনকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছিল। সেই ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে। নতুন করে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি পাওয়ায় তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হুমকির ঘটনার পর বলিউড অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতের কয়েকজন তারকা ও প্রযোজকের কাছেও চাঁদা দাবি এবং নিরাপত্তা হুমকির অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনায় সংগঠিত অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোহিত শেঠি বলিউডের অন্যতম সফল বাণিজ্যিক পরিচালক। তাঁর পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘সিংহাম’, ‘সিম্বা’, ‘সূর্যবংশী’ এবং ‘গোলমাল’ সিরিজ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। অ্যাকশন ও বিনোদনধর্মী চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।

এদিকে হুমকির ঘটনায় রোহিত শেঠির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে মুম্বাই পুলিশ। ঘটনার পেছনে কারা রয়েছে এবং হুমকিটি কতটা বাস্তব—তা খতিয়ে দেখা হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!   

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন