প্রাথমিকের পরীক্ষায় ফি নেওয়ার সিদ্ধান্ত বাতিল, যা জানাল সরকার
প্রাথমিকের পরীক্ষায় ফি নেওয়ার সিদ্ধান্ত বাতিল, যা জানাল সরকার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে কোনো ধরনের অতিরিক্ত ফি দিতে হবে না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষানীতি বজায় রাখা এবং অভিভাবকদের ওপর বাড়তি আর্থিক চাপ এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই অবস্থানকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্টরা।
বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি না নেওয়ার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য শিক্ষা আরও সহজ ও ব্যয়মুক্ত করা। ইতোমধ্যে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় মিড-ডে মিল কর্মসূচিও চালু রয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এর আগে পর্যাপ্ত সরকারি বরাদ্দের অভাবের কথা উল্লেখ করে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা, চতুর্থ শ্রেণির জন্য ৪০ টাকা এবং পঞ্চম শ্রেণির জন্য ৫০ টাকা পরীক্ষার ফি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
গত শনিবার এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন বলেছিলেন, পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের সংকট থাকায় আপাতত শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার চিন্তা করা হয়েছে। তবে ভবিষ্যতে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে এ ধরনের ফি আর নেওয়া হবে না।
সচিবের ওই বক্তব্য প্রকাশের পর বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। অভিভাবকরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যমে এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরাও বলেন, প্রাথমিক শিক্ষা যেহেতু রাষ্ট্রীয়ভাবে অবৈতনিক, তাই পরীক্ষার জন্য আলাদা ফি নেওয়া নীতিগতভাবে প্রশ্নের জন্ম দেয়।
তাদের মতে, অর্থের পরিমাণ কম হলেও বিষয়টি ছিল নীতিগত। কারণ প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত যেকোনো অতিরিক্ত ব্যয় অনেক পরিবারের জন্য চাপ তৈরি করতে পারে।
বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি শিক্ষার্থী অধ্যয়ন করছে। এসব বিদ্যালয়ে বছরে একাধিক মূল্যায়ন ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। নতুন সিদ্ধান্তের ফলে এসব পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হবে না।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আপনার মতামত লিখুন
Array