প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের আগেই ফাঁস, তদন্তে ৩ সদস্যের কমিটি
আনুষ্ঠানিক প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশের কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই ঢাকা বিভাগের ৯ জেলার ফলাফল নির্ধারিত ওয়েব লিংকে আপলোড হয়ে যায়। পরে সেসব ফলাফল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের পৃথক দুটি আদেশে জানানো হয়েছে, বৃত্তি পরীক্ষার ফল ৮ জুলাই প্রস্তুত করা হয়। ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ওয়েব লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল সহকারী মেইনটেন্যান্স কর্মকর্তা মো. মেহতাব কায়েসকে। তাকে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে কোনোভাবেই আপলোড না করার নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের ৯ জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়। এরপর সাধারণ ব্যবহারকারীরা সেই ফলাফল সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, লাইভ সার্ভারে ফল আপলোডের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়নি। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
একই সঙ্গে ঘটনা তদন্তে অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)-কে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এটি একটি ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’। তিনি জানান, বৃত্তি পরীক্ষার ফল আগামী রোববার প্রকাশ করা হতে পারে।
এ বছর ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ২০ শতাংশ বেসরকারি বা কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। বৃত্তি ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই ক্যাটাগরিতে দেওয়া হবে।
উল্লেখ্য, পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্যান্য জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়। এবার মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের বেশি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
