নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে বাড়তে পারে পেনাল্টি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে বাড়তে পারে পেনাল্টি

বক্সের টানাটানিতে এবার কঠোর হবেন রেফারিরা

নতুন মৌসুমে নতুন খেলোয়াড়, নতুন কোচের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে আরেকটি বড় পরিবর্তন। এবার পেনাল্টির সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, বক্সের ভেতরে সেট পিসের সময় টানাটানি, ধাক্কাধাক্কি ও প্রতিপক্ষকে আটকে রাখার ঘটনায় আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে রেফারিদের।

২০২৬-২৭ মৌসুমের শুরু হচ্ছে চ্যাম্পিয়ন আর্সেনাল ও কভেন্ট্রি সিটির ম্যাচ দিয়ে। মৌসুম শুরুর আগেই ইংল্যান্ডের রেফারিদের প্রধান হাওয়ার্ড ওয়েব জানিয়েছেন, কর্নার ও ফ্রি-কিকের সময় বক্সের ভেতরে হওয়া ‘অ-ফুটবলীয়’ আচরণ এবার আরও গুরুত্বের সঙ্গে দেখা হবে।

তবে ফুটবলের নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। পরিবর্তন হচ্ছে মূলত নিয়ম প্রয়োগের ধরনে।

সেট পিসে টানাটানিতে কঠোর সিদ্ধান্ত

গত কয়েক মৌসুমে কর্নার ও ফ্রি-কিকের সময় বক্সের ভেতরে জার্সি ধরে রাখা, দুই হাত দিয়ে প্রতিপক্ষকে আটকে দেওয়া, ধাক্কা দেওয়া কিংবা ফেলে দেওয়ার মতো ঘটনা নিয়মিত দেখা গেছে।

বিবিসির তথ্য অনুযায়ী, গত মৌসুমে ভিএআরের ২০টি ‘মিসড ইন্টারভেনশন’-এর মধ্যে প্রায় এক-চতুর্থাংশ ছিল এমন ঘটনা, যেখানে বল থেকে দূরে থাকা খেলোয়াড়কে ফেলে দেওয়া হলেও পেনাল্টি দেওয়া হয়নি।

এবার রেফারিদের বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে—কোনো খেলোয়াড় বলের দিকে মনোযোগ না দিয়ে শুধু প্রতিপক্ষকে আটকাচ্ছেন কি না, বলের জন্য চ্যালেঞ্জ না করে দুই হাতে ধরে রাখছেন কি না কিংবা জার্সি ধরে এমনভাবে টানছেন কি না যাতে প্রতিপক্ষের স্বাভাবিক গতি ব্যাহত হয়।

‘কম সতর্কতা, বেশি শাস্তি’ নীতিতে রেফারিরা

হাওয়ার্ড ওয়েব জানিয়েছেন, এবার রেফারিরা এসব ঘটনায় আগের তুলনায় বেশি সক্রিয় থাকবেন। তবে এর অর্থ এই নয় যে বক্সে সামান্য সংস্পর্শ হলেই পেনাল্টি দেওয়া হবে।

ফুটবলে শারীরিক লড়াইয়ের জায়গা থাকবে। কিন্তু যে ধরনের টানাটানি বা ধাক্কাধাক্কির সঙ্গে খেলার স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক নেই, সেগুলো এবার শাস্তির আওতায় আসবে।

এর ফলে সেট পিস পরিস্থিতিতে পেনাল্টির সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সেট পিসে গোলের হারও বাড়ছে

প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে পেনাল্টি ও সরাসরি ফ্রি-কিক বাদ দিয়ে সেট পিস থেকে ২৬৯টি গোল হয়েছে। মোট গোলের হিসাবে এর হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সেট পিস থেকে গোলের এই হার ছিল সবচেয়ে বেশি। আর কর্নার ও ফ্রি-কিকের সময়ই বক্সে সবচেয়ে বেশি শারীরিক সংঘর্ষ হয়।

ফলে নতুন মৌসুমে রেফারিদের কঠোর সিদ্ধান্তের কারণে ম্যাচের ফল নির্ধারণে পেনাল্টি আরও বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

👍 আমাদের অফিসিয়াল Facebook Page