নজরুল পদক-২০২৬ পেলেন দুই গুণীজন

প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
নজরুল পদক-২০২৬ পেলেন দুই গুণীজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুল পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান।

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। দুই দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনে নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কবি ও নজরুল-গবেষক, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার এবং বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পদক-২০২৬’ প্রদান করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কবি আবদুল হাই শিকদারের হাতে পদক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। অসুস্থতার কারণে নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তার পদক পরবর্তীতে তার কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজনে ‘গাহি সাম্যের গান’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি দিনব্যাপী আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের মহাসচিব প্রকৌশলী রাশেদুল হাসান শেলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, নজরুল পদকের জন্য নির্বাচিত দুই গুণীজন এ সম্মাননার জন্য অত্যন্ত উপযুক্ত। সাহিত্য, গবেষণা ও নজরুলচর্চায় তাদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক প্রদান করতে পেরে বিশ্ববিদ্যালয় গর্বিত।

পদকপ্রাপ্ত কবি আবদুল হাই শিকদার বলেন, অন্য যেকোনো প্রতিষ্ঠানের সম্মাননার চেয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ‘নজরুল পদক’ পাওয়া তার জন্য বিশেষ মর্যাদার। কারণ এটি জাতীয় কবির নামের সঙ্গে যুক্ত এবং তার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালা

নজরুল জয়ন্তীর অংশ হিসেবে সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালা।

তিনটি অধিবেশনে মোট ছয়টি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে দেশ-বিদেশের নজরুল গবেষক, শিক্ষক ও প্রাবন্ধিকরা অংশ নেন।

প্রথম অধিবেশনে ‘স্মৃতিতে নজরুল : প্রসঙ্গ মুজফ্ফর আহমদের কাজী নজরুল ইসলাম স্মৃতিকথা’ এবং ‘কাজী নজরুল ইসলামের সাহিত্যে আত্মদর্শন’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ।

দ্বিতীয় অধিবেশনে ইংরেজিতে নজরুলবিষয়ক দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-গবেষকরা অংশ নেন।

তৃতীয় অধিবেশনে ‘মাহে নও সচিত্র মাসিক পত্রিকায় নজরুলচর্চা’ এবং ‘নজরুল কাব্যে সামাজিক, রাজনৈতিক ও সাহিত্যিক বিদ্রোহ’ বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

সন্ধ্যায় নবনির্মিত টিএসসি ভবনে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী ১২৭তম নজরুল জয়ন্তীর আয়োজন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page