মদনে দাম্পত্য কলহের জেরে নৃশংসতা নার্সের হাত-পায়ের রগ কেটে স্বামী আটক

Netrobangla24 Desk
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
মদনে দাম্পত্য কলহের জেরে নৃশংসতা নার্সের হাত-পায়ের রগ কেটে স্বামী আটক

নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে মারুফা আক্তার (২৭) নামে এক নার্সকে নৃশংসভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী আরিফুল ইসলামের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মদন পৌরসদরের বাড়িভাদেরা রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মারুফা আক্তার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা আরিফুল ইসলামের সঙ্গে প্রায় ১০ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয় মারুফার। তাদের সংসারে ৭ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। ছয় মাস আগে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই তারা পৌর শহরের একটি বাসায় বসবাস করছিলেন। তবে দাম্পত্য জীবনে প্রায়ই তাদের মধ্যে কলহ লেগে থাকত।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আরিফুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে মারুফা আক্তারের হাত ও পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অভিযুক্ত আরিফুল ইসলাম দাবি করেন, দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ চলছিল এবং তিনি মানসিকভাবে চাপে ছিলেন। তবে তার এই বক্তব্যের সত্যতা যাচাই করছে পুলিশ।
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানান, আহত মারুফার অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, খবর পেয়ে অভিযুক্ত আরিফুল ইসলামকে হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন