ফিরেই ব্যর্থ মেসি, পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ
ফিরেই ব্যর্থ মেসি, পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন

ন্যাশভিলের বিপক্ষে কঠিন সময় পার করলেন মেসি

লিওনেল মেসির জন্য সময়টা ভালো যাচ্ছে না। আবারও পেনাল্টি থেকে ব্যর্থ হলেন আর্জেন্টাইন তারকা। তার গুরুত্বপূর্ণ মুহূর্তের ব্যর্থতার প্রভাব পড়েছে দল ইন্টার মিয়ামির ওপরও। ন্যাশভিল এসসির বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে টানা তৃতীয় ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে মিয়ামি।

শনিবার জিওডিস পার্কে অনুষ্ঠিত ম্যাচে ২৩ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ইন্টার মিয়ামি। পেনাল্টি থেকে গোল করার দায়িত্ব নেন মেসি। কিন্তু তার নেওয়া শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়েক।

ফিরতি বলে সের্হিও রেগিলন গোল করলেও ভিডিও পর্যালোচনায় দেখা যায়, মেসির পেনাল্টি নেওয়ার সময় তিনি আগেই পেনাল্টি বক্সে ঢুকে পড়েছিলেন। ফলে গোল বাতিল হয়ে যায়।

এই নিয়ে টানা তিনটি পেনাল্টিতে ব্যর্থ হলেন মেসি। এর আগে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছিলেন তিনি। একটি গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে এবং অন্যটি শেষ ষোলোতে মিশরের বিপক্ষে।

মেজর লিগ সকারে (এমএলএস) প্রায় এক বছর পর পেনাল্টি মিস করলেন মেসি। এর আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সবশেষ পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ন্যাশভিল। ১৭ মিনিটে অ্যান্ডি নাহারের গোলে স্বাগতিকরা লিড নেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে মিয়ামিকে সমতায় ফেরান তেলাস্কো সেগোভিয়া। মেসির পাস থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধে পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় ন্যাশভিল। দলের হয়ে জোড়া গোল করেন হানি মুখতার। এছাড়া স্যাম সারিজের ব্যাকহিল ফিনিশিংয়ে আসে আরেকটি গোল।

ম্যাচের এক পর্যায়ে হতাশা প্রকাশ করেন মেসি। সারিজের গোলের আগে ফাউলের দাবি করে রেফারির সঙ্গে তর্কে জড়ান তিনি। এ ঘটনায় তাকে হলুদ কার্ড দেখানো হয়।

শেষ দিকে ভাগ্যও সহায় হয়নি মেসির। তার একটি শট দুই পোস্টে লেগে ফিরে আসে। পরে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

ন্যাশভিলের চতুর্থ গোলটিও আসে মিয়ামির ভুল থেকে। গোলরক্ষক রোকো রিওস নোভো পেনাল্টি বক্সের বাইরে চলে গেলে ন্যাশভিলের গোলরক্ষকের লম্বা কিক থেকে বল পেয়ে খালি জালে পাঠান মুখতার।

এই ম্যাচের আগে লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত ছিল ইন্টার মিয়ামি। ন্যাশভিলকে হারাতে পারলে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে ওঠার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু হারের ফলে সেই সুযোগ হাতছাড়া হয়েছে।

এর আগে লিগস কাপেও টানা দুই ম্যাচ হেরে নকআউট পর্বে উঠতে পারেনি মিয়ামি। তবে ওই ম্যাচগুলোতে মেসি ও লুইস সুয়ারেজ ছিলেন না শুরুর একাদশে।

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শনিবারই প্রথমবার শুরুর একাদশে ফিরেছিলেন মেসি। তবে ফেরার ম্যাচে জয় এনে দিতে পারলেন না দলকে। আগামী বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে ইন্টার মিয়ামির।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page