৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি
শিবগঞ্জ সীমান্তে ৪০ ভারতীয় মোবাইলসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ মো. আপন হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। আটক মোবাইল ফোনগুলোর আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।
রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের একটি পাকা সড়কে অভিযান চালানো হয়।
এ সময় সোনাপুর থেকে কানসাটের দিকে যাওয়ার পথে ৪০টি মোবাইল ফোনসহ মো. আপন হোসেনকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামের মো. বাদলের ছেলে।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
