নবম ব্যালন ডি’অরের পথে মেসি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ
নবম ব্যালন ডি’অরের পথে মেসি

ইন্টার মিয়ামিতে খেলেও নবম ব্যালন ডি’অরের দৌড়ে রয়েছেন লিওনেল মেসি।

২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে লিওনেল মেসিকে ঘিরে এসেছে বড় এক ইতিবাচক খবর। ব্যালন ডি’অর কর্তৃপক্ষ জানিয়েছে, এই পুরস্কার জিততে হলে কোনো ফুটবলারকে ইউরোপের ক্লাবে খেলতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। ফলে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেললেও নবমবারের মতো ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকছেন আর্জেন্টিনার অধিনায়ক।

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াইয়ের আগে মেসির ব্যক্তিগত পুরস্কারের সম্ভাবনা নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। এর মধ্যেই ব্যালন ডি’অরের আয়োজকরা পুরস্কারের যোগ্যতা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।

ব্যালন ডি’অরের ইতিহাসে শুরুতে শুধু ইউরোপের লিগে খেলা ইউরোপীয় ফুটবলারদেরই বিবেচনা করা হতো। ১৯৯৫ সালে নিয়ম পরিবর্তন করে বিশ্বের অন্যান্য দেশের ফুটবলারদের জন্যও এটি উন্মুক্ত করা হয়। তবে ইউরোপের ক্লাবে খেলার শর্ত তখনও বহাল ছিল।

পরবর্তীতে ২০০৭ সাল থেকে সেই সীমাবদ্ধতাও পুরোপুরি তুলে দেওয়া হয়। এরপর থেকে বিশ্বের যেকোনো দেশের যেকোনো ক্লাবে খেলা সেরা ফুটবলার ব্যালন ডি’অরের জন্য বিবেচিত হতে পারেন।

ব্যালন ডি’অর কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপের বাইরে খেলেও এই পুরস্কার জয়ের সুযোগ রয়েছে। গত ১৮টি আসরের উদাহরণ বিশ্লেষণ করে তারা জানিয়েছে, পারফরম্যান্সই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

২০০৭ সালে কাকা, ২০০৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ২০০৯ সালে লিওনেল মেসি—তারা সবাই ব্যালন ডি’অর জয়ের বছরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। পরবর্তী সময়ে লুকা মদরিচ, করিম বেনজেমা, রদ্রি ও উসমান দেম্বেলের মতো তারকারাও ইউরোপীয় ক্লাবে খেলেই এই পুরস্কার অর্জন করেছেন।

তবে ইউরোপের বাইরে খেলা কোনো ক্লাবের প্রতিনিধিত্ব করে ব্যালন ডি’অর জয়ের অনন্য নজির রয়েছে শুধু মেসির। ২০২৩ সালে অষ্টমবারের মতো এই পুরস্কার জয়ের সময় তিনি ইতোমধ্যে ইন্টার মিয়ামির খেলোয়াড় ছিলেন। এর মাধ্যমে ইউরোপের বাইরের কোনো ক্লাব থেকে ব্যালন ডি’অর জেতা প্রথম পুরুষ ফুটবলার হন আর্জেন্টাইন তারকা।

ব্যালন ডি’অর কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের যেকোনো প্রান্তে খেলা ফুটবলার নিজের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে এই সম্মান অর্জন করতে পারেন। ক্লাবের অবস্থান নয়, মাঠের পারফরম্যান্সই মূল বিবেচ্য বিষয়।

চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। এখন পর্যন্ত সাত ম্যাচে তিনি করেছেন আট গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি গোল। তার নেতৃত্বেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি নিজের সেরা পারফরম্যান্স ধরে রাখতে পারলে নবম ব্যালন ডি’অরের লড়াইয়ে আরও শক্ত অবস্থানে চলে আসবেন বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা। আটবারের ব্যালন ডি’অর জয়ীর সামনে এখন আরও একটি ইতিহাস গড়ার সুযোগ তৈরি হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন