ওয়ানডের অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, সাদা বলের নেতৃত্বে আসছেন কে?
ওয়ানডের অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ তথ্য অনুযায়ী, ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় সাদা বলের ক্রিকেটের নেতৃত্বে আসতে পারেন লিটন দাস।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাদা বল ও লাল বলের ক্রিকেটে আলাদা অধিনায়ক ফেরানোর পরিকল্পনা করছে বিসিবি। বর্তমানে সব সংস্করণে একজন অধিনায়ক রাখার যে কাঠামো রয়েছে, সেখান থেকে সরে আসতে চায় বোর্ড।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা হতে পারে। সভায় পরিচালকদের অনুমোদন পেলে ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস সাদা বলের নেতৃত্বের প্রধান দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন। বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হলে ওয়ানডে দলের দায়িত্বও তার হাতে তুলে দেওয়া হতে পারে। অন্যদিকে টেস্ট দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, মিরাজের ওয়ানডে অধিনায়কত্বের সময় শেষের দিকে—এমন আলোচনা আগেই ছিল। এবার বোর্ড সভার মাধ্যমে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
মিরাজের নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ। বিশেষ করে দেশের বাইরে দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তার অধীনে বিদেশের মাটিতে খেলা ১৩টি ওয়ানডের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।
২০২৫ সালের ১২ জুন নাজমুল হোসেন শান্তর কাছ থেকে ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দেওয়া হয়। এরপর চলতি বছরের এপ্রিলে বিসিবি তার মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছিল।
তবে সাম্প্রতিক ব্যর্থতার পর সেই সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবছে বোর্ড। শুরুতে ওয়ানডে অধিনায়কত্ব আবার শান্তর হাতে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা থাকলেও পরে সেই অবস্থান থেকে সরে এসেছে বিসিবি। তাদের ধারণা, টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটে আলাদা অধিনায়ক থাকলে প্রত্যেক সংস্করণে পরিকল্পনা করা সহজ হবে।
টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে বর্তমানে সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন তৌহিদ হৃদয়। ওয়ানডেতেও তাকে একই দায়িত্ব দেওয়া হতে পারে। সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন হৃদয়।
এর আগে বাংলাদেশের ক্রিকেটে তিন সংস্করণে তিন অধিনায়কের কাঠামো চালু ছিল। টেস্টে শান্ত, ওয়ানডেতে মিরাজ এবং টি-টোয়েন্টিতে লিটন দায়িত্ব পালন করছিলেন। এবার আবার সেই ব্যবস্থায় ফিরতে যাচ্ছে বিসিবি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
