৫ বছরের মধ্যে সবার থাকবে নিজস্ব এআই সহকারী: মার্ক জাকারবার্গ
পাঁচ বছরের মধ্যে সবার থাকবে নিজস্ব এআই সহকারী
আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের কোটি কোটি মানুষের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী বা ‘পার্সোনাল এআই এজেন্ট’ থাকবে বলে মন্তব্য করেছেন মেটা প্ল্যাটফর্মসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তার মতে, ভবিষ্যতের এই এআই সহকারীরা শুধু তথ্য দেওয়ার কাজ করবে না, বরং ব্যবহারকারীর প্রয়োজন ও লক্ষ্য বুঝে ব্যক্তিগত ও পেশাগত নানা কাজে সহযোগিতা করবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটার সর্বশেষ আর্নিংস কনফারেন্স কলে বিনিয়োগকারীদের উদ্দেশে জাকারবার্গ ভবিষ্যতের এআই ব্যবহারের চিত্র তুলে ধরেন।
জাকারবার্গ বলেন, পাঁচ বছর পর এমন একটি পৃথিবী কল্পনা করা কঠিন হবে, যেখানে মানুষের নিজস্ব এআই এজেন্ট থাকবে না। এসব এআই সহকারী ব্যবহারকারীর দৈনন্দিন কাজ সহজ করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও সহায়তা করবে।
মেটা সিইও জানান, ব্যক্তিগত এআই এজেন্ট ব্যবহারকারীর সময়সূচি মনে করিয়ে দেওয়া, আর্থিক পরিকল্পনায় সহায়তা করা, স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ দেওয়া, দৈনন্দিন কাজের তালিকা তৈরি করা এবং ব্যক্তিগত লক্ষ্য অর্জনে সহযোগিতা করার মতো কাজ করতে পারবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে মানুষ একাধিক এআই এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ করবে। এ কারণে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্মগুলোর গুরুত্ব আরও বাড়বে। বর্তমানে মেটার এআই সেবা ব্যবহারের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ কাজ করছে।
তবে ব্যক্তিগত এআই সহকারী তৈরির প্রতিযোগিতায় মেটা একা নয়। গুগল, ওপেনএআই এবং অ্যানথ্রপিকও উন্নত এআই এজেন্ট তৈরিতে কাজ করছে। এসব প্রযুক্তি প্রতিষ্ঠানের লক্ষ্য হলো এমন এআই তৈরি করা, যা শুধু প্রশ্নের উত্তর দেবে না; বরং ব্যবহারকারীর হয়ে বাস্তব কাজও সম্পন্ন করতে পারবে।
এআই প্রযুক্তির সক্ষমতা বাড়াতে মেটা বড় ধরনের বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটির ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি বিভাগ চলতি প্রান্তিকে প্রায় ৪ দশমিক ৬ বিলিয়ন ডলার পরিচালন লোকসান করেছে। ২০২১ সাল থেকে এ বিভাগের মোট লোকসানের পরিমাণ প্রায় ৮৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এদিকে এআই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রে নতুন ডেটা সেন্টার নির্মাণেও বিনিয়োগ বাড়াচ্ছে মেটা। সম্প্রতি মেটা ও ব্ল্যাকরক টেক্সাসে ১৪ বিলিয়ন ডলার ব্যয়ে একটি বড় ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে।
জাকারবার্গ বলেন, ব্যক্তিগত এআই এজেন্ট ভবিষ্যতে মেটার অন্যতম প্রধান ব্যবসায়িক ক্ষেত্র হয়ে উঠবে। বর্তমানে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে চালু থাকা মেটার ব্যবসায়িক এআই এজেন্ট বিশ্বের ১০ লাখের বেশি প্রতিষ্ঠান ব্যবহার করছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
