কলমাকান্দায় ধানক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ: মুখ বাঁধা ও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার, এলাকায় আতঙ্ক

Netrobangla24 Desk
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
কলমাকান্দায় ধানক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ: মুখ বাঁধা ও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার, এলাকায় আতঙ্ক

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের হুগলি জসিউড়া গ্রামে মো. আরশাদের ৬ বছর বয়সী কন্যা জান্নাত আক্তার নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (০৪-০৫-২০২৬) বিকাল ৪টার দিকে শিশু জান্নাত আক্তার নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে আশপাশে ব্যাপকভাবে অনুসন্ধান শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর, ডোবা ও আশপাশের জলাশয়ে দীর্ঘ সময় তল্লাশি চালালেও শিশুটির কোনো সন্ধান পাননি।
পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠলে পরদিন পরিবারের পক্ষ থেকে কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে হুগলি রাম মোহন পাল (খোকন) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের নেতৃত্বে একটি শ্রমিক দল ধান কাটার কাজে মাঠে গেলে তারা শিশুটির মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানাজানি হলে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শিশুটির মুখ গামছা দিয়ে বাঁধা ছিল এবং মরদেহের বুক থেকে নিচের অংশ ব্যাপকভাবে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। শুধু দুই পায়ের পাতা ছাড়া শরীরের অধিকাংশ অংশ ক্ষতিগ্রস্ত ছিল। ধারণা করা হচ্ছে, কোনো বন্য প্রাণীর আক্রমণে মরদেহের এমন অবস্থা হয়ে থাকতে পারে।
শিশুটির মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়ায় স্থানীয়দের মধ্যে পরিকল্পিত হত্যাকাণ্ডের সন্দেহ আরও জোরালো হয়েছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
শিশুটির মা ইয়াসমিন বলেন, সন্তান নিখোঁজ হওয়ার পর থেকে তারা দিশেহারা ছিলেন। চারপাশে খুঁজেও কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত এমন খবর পাবেন, তা তারা কল্পনাও করেননি। তিনি কান্নাজড়িত কণ্ঠে ঘটনার সঠিক তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান।
শিশুটির বাবা মো. আরশাদ বলেন, নিখোঁজ হওয়ার পর থেকেই তারা বিভিন্ন স্থানে খোঁজ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সন্তানের এমন করুণ পরিণতি তাদের পুরো পরিবারকে ভেঙে দিয়েছে। তিনি ঘটনার রহস্য উদঘাটনের অনুরোধ জানান।
এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটন ও সম্ভাব্য জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বিরাজ করছে ক্ষোভ, উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন