খাগড়াছড়িতে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির জেলা কমিটি গঠন

reporter
শওকত হোসেন হৃদয়
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
খাগড়াছড়িতে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির জেলা কমিটি গঠন

খাগড়াছড়ির স্বপ্ন রেস্টুরেন্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের জেলা কমিটি গঠন ও মতবিনিময় সভার একাংশ।

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর খাগড়াছড়ি জেলা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই ২০২৬) সকাল ১০টায় খাগড়াছড়ি শহরের স্বপ্ন রেস্টুরেন্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক আলেম, ইমাম, খতিব ও মাদ্রাসা শিক্ষক অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী। বিশেষ অতিথি ছিলেন আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী। শুভেচ্ছা বক্তব্য দেন ক্বারী ওসমান গণি।

এ সময় বক্তব্য রাখেন মাটিরাঙা জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী হারুনুর রশীদ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, মাটিরাঙা দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন মিয়াজি, মুফতী ইমামুদ্দিন কাসেমী, দীঘিনালা জামে মসজিদের খতিব মাওলানা জামালুল হাসান, মাওলানা রশীদ আহমাদ, মুহাম্মদ আলী কাসেমী এবং উবায়দুল্লাহ কাসেমী।

বিশেষ অতিথির বক্তব্যে আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, কাদিয়ানিদের ভ্রান্ত আকিদা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। তিনি এ আয়োজন সফল করতে সহযোগিতার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান এবং কাদিয়ানিদের কাফের ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন ক্বারী ওসমান গণি । পরে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে মুফতী ইমামুদ্দিন কাসেমীকে সভাপতি, ক্বারী ওসমান গণি, মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর ও মাওলানা নুর মোহাম্মদকে সহ-সভাপতি, মাওলানা মুফতী নোমানকে সাধারণ সম্পাদক, মাওলানা সফিউল্লাহকে যুগ্ম সম্পাদক এবং মহিউদ্দিন বিন সুরুজকে সহকারী যুগ্ম সম্পাদক মনোনীত করা হয়।

আফতাব নগর মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদ আলী নবগঠিত জেলা কমিটি ঘোষণা করেন। তিনি বলেন, খাগড়াছড়ি জেলার প্রতিটি থানায় একই নিয়মে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির থানা কমিটি গঠন করা হবে।

সর্বশেষ প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী বলেন, “আমরা কাদিয়ানিদের কাফের ঘোষণা করিয়েই ছাড়ব।” তিনি দাবি আদায়ের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় ৬৪টি সমাবেশ, এরপর বিভাগীয় সমাবেশ এবং সর্বশেষ জাতীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন