এইচএসসি পরীক্ষা কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর ঘোষণা

এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে, পেছানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, সব বিষয় বিবেচনা করে রোজার পর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সব দিক বিবেচনা করেই রোজার পর পরীক্ষা আয়োজন করা হবে। আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন নিয়েও কথা বলেন। তিনি জানান, এ খাতের বিভিন্ন দুর্বলতা সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং তা সমাধানে কাজ করা হচ্ছে।

কারিগরি শিক্ষায় আরও শিক্ষক প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় চীনের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। বিশ্বজুড়ে এ খাতে দেশটির সফলতা রয়েছে। সেই অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর লক্ষ্যেই চীন সফর করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশে অনেক চীনা কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠানে দক্ষ জনবল সরবরাহের জন্য বাংলাদেশ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের করতে চায়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page