এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার

প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার

১৮ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণে টোটাল এনার্জিসের কাছ থেকে ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে আগামী অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত এসব এলএনজি আমদানি করা হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ ক্রয় প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ প্রস্তাবটি মন্ত্রিসভা কমিটির কাছে উপস্থাপন করে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি মাসে দুই কার্গো করে এলএনজি আমদানি করবে বাংলাদেশ।

চুক্তিতে প্রয়োজন হলে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে অতিরিক্ত এলএনজি কার্গো কেনার সুযোগ রাখা হবে বলেও জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট ভূরাজনৈতিক অস্থিরতা এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে টোটাল এনার্জিসের কাছ থেকে সরাসরি এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক জ্বালানি বাজারের জেকেএম মূল্যসূচকের সঙ্গে দশমিক শূন্য ছয় মার্কিন ডলার যোগ করে প্রতি ইউনিট এলএনজির দাম নির্ধারণ করা হবে।

এদিকে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ডিজেল, জেট এ-১ ও ফার্নেস অয়েল কেনার প্রস্তাবও বৈঠকে উপস্থাপন করা হয়।

পাঁচটি প্যাকেজে এসব জ্বালানি কেনার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ১১ হাজার ৯১৪ কোটি টাকা।

তবে এসব প্যাকেজের কোনোটির ক্ষেত্রেই চূড়ান্ত ক্রয় অনুমোদন দেওয়া হয়নি। সুপারিশ করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রস্তাবিত অতিরিক্ত মূল্য ও ভিত্তিমূল্য নিয়ে আলোচনা করে চূড়ান্ত দর নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

আলোচনা শেষে নির্ধারিত দর পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।

সূত্র: আরটিভি

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page