অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণমন্ত্রী
চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি সহায়তার কথা জানিয়েছেন মন্ত্রী।
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, অর্থের অভাবে দেশের কোনো নাগরিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না। প্রত্যেক নাগরিকের চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে।
বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো অসুস্থ ব্যক্তি অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারলে সরকার তার পাশে দাঁড়াবে।
তিনি বলেন, “আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এমপি বানিয়ে মন্ত্রিত্ব হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আজ আপনাদের সব কথা শোনার জন্য আপনাদের কাছে এসেছি।”
ডা. জাহিদ হোসেন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের জন্য যারা দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করে কাজ করছেন, তাদের মূল্যায়ন করা হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পাড়া-মহল্লা, ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ে যোগ্য মানুষদের দলের সঙ্গে যুক্ত করতে হবে। বিএনপি একা চলার দল নয়, সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই দলের লক্ষ্য।
নেতাকর্মীদের সহনশীল আচরণের মাধ্যমে দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি।
সভায় দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার বিষয়েও কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, গ্রাম-গঞ্জে যেসব শিশু অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যেতে পারছে না, তাদের চিহ্নিত করতে হবে। সরকার তাদের আর্থিক সহায়তা দিয়ে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, অসুস্থ রোগীদের চিকিৎসাসেবার জন্যও সরকার সহযোগিতা করবে।
কর্মী সম্মেলনে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফিরদৌস রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার এবং হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
