সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির সমাবেশে বক্তব্য দেন এমপি ফজলুর রহমান।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, বিএনপিকে ক্ষমতায় রাখতে হলে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট বন্ধ করতে হবে। একই সঙ্গে জামায়াতে ইসলামী নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়।’

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাশকতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

ফজলুর রহমান বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। তাঁর দাবি, জামায়াতের আমির একসময় বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। এ প্রসঙ্গে জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি দলটির বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপিকে এবং তারেক রহমানকে ক্ষমতায় রাখতে চাইলে নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানো বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ খুব সচেতন বলেও মন্তব্য করেন তিনি।

নিজ দলের কর্মকাণ্ড নিয়েও আত্মসমালোচনার আহ্বান জানান ফজলুর রহমান। তিনি বলেন, গত দুই বছরে বিএনপির কিছু ভুল হয়েছে। এসব ভুল থেকে ফিরে আসার জন্য নেতাকর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, তারেক রহমান জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছেলে। তাঁর দাবি, তারেক রহমান মানুষের সঙ্গে কোনো দিন প্রতারণা করতে পারেন না। বাংলাদেশকে সমৃদ্ধ করতে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, আনোয়ার হোসেন আনুসহ স্থানীয় নেতারা।

এর আগে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। পরে সমাবেশে দলীয় নেতারা বক্তব্য দেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page