দুর্গাপুরে চাঁদাবাজ চক্রের তান্ডব

Netrobangla24 Desk
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
দুর্গাপুরে চাঁদাবাজ চক্রের তান্ডব

দুর্গাপুরে চাঁদাবাজ চক্রের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। হোটেলে খাবার খেয়ে বিল পরিশোধ না করে উল্টো চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৩৮৫/৩৮৬/৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলার বাদী এসআই (নিঃ) নূর ইসলাম জানান, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বেআইনি জনতা গঠন করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদা দাবি ও আদায়ের সঙ্গে জড়িত।

মামলার এজাহারে উল্লেখিত আসামিরা হলেন-

মেহেদী হাসান ওরফে সাহস (৩০), ইমরান ইসলাম ওরফে ইমন (২২), মোঃ জুয়েল (৩৪), রাসেল (৩০), নাঈম (৩০), মিলন (৩৮), মেহেদি (২৮) ও রিসভী (২৭)। তাদের সকলের বাড়ি দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায়। এছাড়া আরও ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৪ মে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উকিলপাড়া নাজিরপুর মোড়ে অবস্থিত ‘ভাই ভাই এন্ড জনতা হোটেল’-এ কয়েকজন ব্যক্তি হোটেল বন্ধের হুমকি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়।

IMG 20260505 WA0017IMG 20260505 WA0018

হোটেল মালিক খোকন মিয়া অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার হোটেলে এসে খাবার খেয়ে বিল না দিয়ে চলে যাচ্ছে। একই সঙ্গে তারা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। ইতোমধ্যে তাদের কাছে প্রায় ১ লাখ টাকা বকেয়া রয়েছে বলেও জানান তিনি।

এজাহারে আরও বলা হয়, গত ৩০ এপ্রিল গভীর রাতে খাবারের বিল চাইলে হোটেলের ম্যানেজারকে খুন-জখমের হুমকি দেওয়া হয়। পরে হোটেল মালিক প্রতিবাদ করলে তাকেও হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ভয়ে হোটেলটি দুই দিন বন্ধ রাখার পর পুলিশি সহায়তায় পুনরায় চালু করা হলেও একই চক্র আবারও এসে আগের মতো ভয়ভীতি ও চাঁদাবাজির চেষ্টা চালায়। হোটেলের কর্মচারীরাও একই অভিযোগ করেন।

স্থানীয়দের দাবি, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে, এমনকি একটি হত্যা মামলার সঙ্গেও সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানা যায়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন