হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা ঢাবি ভিসি
শিক্ষকদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাবি উপাচার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষককে পর্যবেক্ষণ করা হচ্ছে। অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক ওই অনুষ্ঠানে উপাচার্য বলেন, “কেউ যদি মনে করেন এটি প্রতিহিংসা, তা নয়। আমরা কারও প্রতি প্রতিহিংসা চাই না। কিন্তু কেউ অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আনতে হবে।”
তিনি বলেন, কয়েক দিন আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন।
অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, “কেন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে তারা দেশে ফিরিয়ে আনতে চাইছেন, আমরা জানি না। যদি কেউ রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আইনের মাধ্যমে তার বিচার হবে।”
আলোচনা সভায় আওয়ামী লীগ সরকারের সময় ভিন্নমত পোষণকারী শিক্ষকদের ওপর নজরদারি ও হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, তখন অনেক শিক্ষক স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন না। বিভিন্ন সময় শিক্ষকদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
উপাচার্য বলেন, “আমরা থেমে যাইনি। কথা বলেছি, রাজপথে নেমেছি, বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছি এবং ছাত্রদের পাশে দাঁড়িয়েছি।”
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে শিক্ষার্থীদের দাবি ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের নৈতিক সমর্থন দিয়েছিলেন। পরে আন্দোলনের ওপর নির্যাতন বাড়তে থাকলে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়।
তিনি বলেন, দীর্ঘদিনের সমস্যা সমাধানে সময় প্রয়োজন। বর্তমান সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাত্র কয়েক মাসের মধ্যে দীর্ঘ সময়ের সব সমস্যার সমাধান সম্ভব নয়।
অধ্যাপক ওবায়দুল ইসলাম আরও বলেন, নতুন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য, দমন-পীড়ন বা স্বৈরাচার প্রতিষ্ঠা করা যাবে না। ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
