মেয়ের বাড়ি যাওয়া হলো না, চলন্ত সিএনজি থেকে পড়ে প্রাণ গেল বৃদ্ধের
রাজশাহী-নওগাঁ মহাসড়কের বলিহার ব্রিজ এলাকায় দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নওগাঁয় চলন্ত সিএনজি থেকে ছিটকে পড়ে আব্দুল সোবাহান (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মহাদেবপুর সীমানার বলিহার ব্রিজ বেলি ব্রিজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল সোবাহান নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের মৃত আজিবুল্লাহর ছেলে। তিনি নাতিকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়ি সান্তাহারে যাচ্ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বলিহার ব্রিজ এলাকায় যাওয়ার সময় আব্দুল সোবাহান সিএনজির সামনের অংশে বসেছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি চলন্ত সিএনজি থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।
পরে এক ভ্যানচালক আহত অবস্থায় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। এরপর ভ্যানচালক আতঙ্কিত হয়ে ফেরিঘাট এলাকায় মরদেহ রেখে চলে যান বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে মরদেহটি মান্দা থানায় রাখা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, দুর্ঘটনাস্থল মহাদেবপুর থানা এলাকায় হওয়ায় সেখানে মামলা রুজুর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
