৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার পদে নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিপিএসসি।

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার শূন্য পদে নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কমিশনের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫১তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। সহকারী সার্জন পদের জন্য এমবিবিএস বা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদের জন্য বিডিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

আবেদনকারীদের বয়স ২০২৬ সালের ১ সেপ্টেম্বর ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। নারী-পুরুষ নির্বিশেষে যোগ্য প্রার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত যোগ্য প্রার্থীরাও নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া শুরু হবে ১ অক্টোবর সকাল ১০টা থেকে। আবেদন করার শেষ সময় ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করে User ID পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ প্রার্থীদের পরীক্ষার ফি ২০০ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা। এর সঙ্গে শিক্ষা বোর্ড নির্ধারিত ডাটা ভেরিফিকেশন চার্জ ও ভ্যাট বাবদ ৫ টাকা দিতে হবে। আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে।

আবেদনের জন্য বিপিএসসির নির্ধারিত BPSC Form-1 অনলাইনে পূরণ করতে হবে। এ জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। অনলাইন আবেদন পূরণের সময় সাম্প্রতিক রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির আকার সর্বোচ্চ ৩০০×৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে হবে। স্বাক্ষরের আকার সর্বোচ্চ ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট নির্ধারণ করা হয়েছে।

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) ২০২৬ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় পরে বিপিএসসির ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষার মোট নম্বর ২০০ এবং মৌখিক পরীক্ষার নম্বর ১০০; সব মিলিয়ে পরীক্ষার মোট নম্বর ৩০০।

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে এবং সংশ্লিষ্ট ক্যাডার ও পদের প্রাসঙ্গিক বিষয়ে ১০০ নম্বর থাকবে। পরীক্ষার সময় দুই ঘণ্টা। মোট ২০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে।

লিখিত পরীক্ষা সাধারণত ঢাকায় অনুষ্ঠিত হবে। তবে প্রার্থী সংখ্যা ও পরিস্থিতি বিবেচনায় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার বাইরে অন্য কেন্দ্রেও পরীক্ষা নেওয়া হতে পারে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং আবেদনপত্র ত্রুটিমুক্ত পাওয়া প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। মৌখিক পরীক্ষার পূর্ণমান ১০০ এবং পাস নম্বর ৫০।

এ ছাড়া বিদেশি ডিগ্রি বা ভিন্ন নামের সমমানের ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইকুইভ্যালেন্স সনদ জমা দেওয়ার বিধান রাখা হয়েছে। এমবিবিএস বা বিডিএসের ফল আবেদন শেষ হওয়ার আগে প্রকাশিত না হলেও নির্দিষ্ট শর্তে অবতীর্ণ প্রার্থী হিসেবে আবেদন করার সুযোগ রয়েছে। তবে ২৫ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট লিখিত পরীক্ষা শেষ করে ডিগ্রি অর্জন করতে হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page