কিশোরদের জন্য নতুন ChatGPT মোড চালু করল OpenAI, থাকছে অভিভাবকের নিয়ন্ত্রণ
কিশোরদের এআই ব্যবহারে বাড়ছে নিরাপত্তা
কিশোর-কিশোরীদের জন্য বিশেষভাবে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের নতুন সংস্করণ চালু করেছে ওপেনএআই। ‘ChatGPT for Teens’ নামে চালু করা এই নতুন মোডে কিশোর ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা বাড়াতে বিশেষ সুরক্ষা ব্যবস্থা এবং অভিভাবকদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করা হয়েছে।
ওপেনএআই জানিয়েছে, নতুন এই মোডে আত্মহানি, সহিংসতা ও ইটিং ডিসঅর্ডারের মতো ঝুঁকিপূর্ণ বিষয় নিয়ে কথোপকথনে অতিরিক্ত সতর্কতা রাখা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের শুধু সরাসরি উত্তর না দিয়ে বিষয় বুঝতে ও শেখার ক্ষেত্রে সহায়তা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কোনো ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম বলে সিস্টেম ধারণা করলে অথবা ব্যবহারকারী নিজে ১৩ থেকে ১৭ বছর বয়সের কথা জানালে স্বয়ংক্রিয়ভাবে ‘ChatGPT for Teens’ মোড চালু হবে।
অভিভাবকদের জন্য থাকছে নিয়ন্ত্রণ সুবিধা
নতুন এই ব্যবস্থায় অভিভাবকরা কিশোরদের ChatGPT ব্যবহারের ওপর কিছু নিয়ন্ত্রণ রাখতে পারবেন। এর মধ্যে ‘কোয়ায়েট আওয়ার্স’ সুবিধা রয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ে ChatGPT ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা যাবে।
এ ছাড়া কিশোর ব্যবহারকারীরা সংবেদনশীল কোনো বিষয়ে আলোচনা করলে অভিভাবকদের নোটিফিকেশন পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে। তবে কথোপকথনের গোপনীয়তা ও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওপেনএআই।
শিক্ষায় এআই ব্যবহারে নতুন সুবিধা
ওপেনএআই বলছে, কিশোরদের জন্য তৈরি এই মোডের অন্যতম লক্ষ্য হলো শিক্ষাক্ষেত্রে এআইয়ের ইতিবাচক ব্যবহার বাড়ানো।
‘ChatGPT for Teens’-এ গাইডেড লার্নিংয়ের জন্য স্টাডি মোড, হোমওয়ার্ক রিমাইন্ডার, কুইজ এবং কঠিন বিষয় সহজভাবে বোঝানোর জন্য ভিজ্যুয়ালাইজেশন সুবিধা যুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির মতে, শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের যখন কোনো বিষয়ে সহায়তা প্রয়োজন হয়, তখন এই ব্যবস্থা তাদের শেখার প্রক্রিয়াকে আরও সহজ করবে।
এআই নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
কিশোরদের মধ্যে এআই চ্যাটবটের ব্যবহার দ্রুত বাড়লেও এর নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত পরামর্শ এবং সংবেদনশীল বিষয়ে এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
অনেক ক্ষেত্রে ব্যবহারকারীরা এআই চ্যাটবটকে মানসিক সহায়তার মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। এ কারণে কিশোরদের জন্য এ ধরনের প্রযুক্তি ব্যবহারে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি উঠেছে।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপরও কিশোর ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করার চাপ বাড়ছে। এর আগে মেটাসহ বিভিন্ন প্রতিষ্ঠান তরুণ ব্যবহারকারীদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে।
বয়স যাচাইয়ে নতুন পদ্ধতি ব্যবহার করবে OpenAI
ওপেনএআই জানিয়েছে, তাদের সেবা ব্যবহারের জন্য সাধারণত ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৩ বছর হতে হয় অথবা সংশ্লিষ্ট দেশের নির্ধারিত বয়সসীমা পূরণ করতে হয়।
ব্যবহারকারীর বয়স নির্ধারণে স্বঘোষিত বয়সের পাশাপাশি অ্যাকাউন্টের তথ্য, আচরণগত সংকেত এবং প্রয়োজন অনুযায়ী বয়স যাচাইয়ের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হবে।
কোনো ব্যবহারকারীর বয়স সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলে তুলনামূলক নিরাপদ সেটিং স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
