ইংল্যান্ডকে হারানোর দিনকে ‘নতুন দিবস’ ঘোষণা করল আর্জেন্টিনা ফুটবল সংস্থা
ইংল্যান্ডকে হারানোর স্মরণে ১৫ জুলাইকে জাতীয় ফুটবল দল দিবস ঘোষণা করেছে আর্জেন্টিনা।
২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ের স্মৃতি ধরে রাখতে নতুন উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ঐতিহাসিক সেই জয়ের দিন ১৫ জুলাইকে এখন থেকে ‘জাতীয় ফুটবল দল দিবস’ হিসেবে পালন করবে দেশটি।
বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এএফএর নির্বাহী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এএফএর এক বিবৃতিতে জানানো হয়, ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় লিওনেল স্কালোনির দল। একপর্যায়ে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
এই জয় আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে। ম্যাচের পর দেশটির বিভিন্ন শহরে সমর্থকেরা রাস্তায় নেমে উদযাপনে অংশ নেন। এএফএর মতে, ওই জয় জাতীয় দলের প্রতি মানুষের আবেগ ও ঐক্যের একটি বিশেষ মুহূর্ত তৈরি করেছিল।
তবে ম্যাচ শেষে একটি বিতর্কও তৈরি হয়। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর গ্যালারি থেকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে লেখা একটি ব্যানার মাঠে ছুড়ে দেওয়া হয়। আর্জেন্টিনার মিডফিল্ডার জিওভানি লো সেলসো সেটি তুলে নেন এবং কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তা প্রদর্শন করেন।
ঘটনার পর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ফিফার কাছে অভিযোগ জানায়। ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয় হওয়ায় বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ১৯৮২ সালে দুই দেশের মধ্যে সংঘটিত যুদ্ধে উভয় পক্ষের কয়েকশ সেনা নিহত হন এবং দ্বীপটির নিয়ন্ত্রণ যুক্তরাজ্যের কাছেই থাকে।
এদিকে, বিতর্কের বাইরে ইংল্যান্ডের বিপক্ষে জয়কে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছে এএফএ। সেই স্মৃতি ধরে রাখতেই প্রতিবছর ১৫ জুলাই বিশেষভাবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
