১১৬ বছরের পথচলা শেষে নতুন নামে এয়ারটেল

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
১১৬ বছরের পথচলা শেষে নতুন নামে এয়ারটেল

১৬ বছরের পথচলা শেষে নতুন নামে এয়ারটেল

দেশের তরুণদের কাছে জনপ্রিয় মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছে। এখন থেকে এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ড পরিচয় উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি।

রবি জানিয়েছে, এয়ারটেলের ১৬ বছরের পথচলার ধারাবাহিকতায় নতুন পরিচয়ে আসছে সার্কেল। তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের মোবাইল নম্বর, বর্তমান প্যাকেজ, ব্যালান্স ও অন্যান্য সেবায় কোনো পরিবর্তন হবে না।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহকে পরিণত হবেন। এ জন্য গ্রাহকদের নতুন করে কোনো আবেদন বা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না।

এয়ারটেলের ০১৬ নম্বর আগের মতোই চালু থাকবে। একই সঙ্গে এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের ব্যক্তিগত তথ্যও নিরাপদ থাকবে বলে জানিয়েছে রবি।

নতুন ব্র্যান্ড সার্কেলকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) ভবিষ্যতমুখী প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের জন্য আরও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রবি জানিয়েছে, ‘আসল সংযোগ, সবসময় সচল’—এই প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে সার্কেল। তরুণদের বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি এবং দৈনন্দিন ডিজিটাল কার্যক্রমে নির্ভরযোগ্য সংযোগ দেওয়ার ওপর গুরুত্ব দেবে নতুন ব্র্যান্ডটি।

অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে পথ চলেছে। সার্কেল সেই যাত্রারই নতুন অধ্যায়।

তিনি বলেন, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন আসবে না। বরং সংযোগকে আরও অর্থবহ ও আধুনিক করাই হবে নতুন উদ্যোগের লক্ষ্য।

রবি জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকদের সেবা স্বাভাবিক থাকবে। নতুন পরিচয়ে সার্কেল প্রযুক্তি ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়িয়ে বাংলাদেশের ডিজিটাল প্রজন্মের পরিবর্তিত চাহিদা পূরণের চেষ্টা করবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page