ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

দেশের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে নিজেদের অধিকার ও উন্নয়নের জন্য তাদেরও আরও উদ্যোগী হতে হবে এবং নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদকের নেতৃত্বে ৫২ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। জবাবে রাষ্ট্রপতি বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণ করতে হবে।

এ সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকে উদ্দেশ করে রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব।’ নিজেদের অধিকার ও উন্নয়নের জন্য আরও সচেতন ও উদ্যোগী হওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমি-সংক্রান্ত সমস্যা নিয়েও কথা বলেন রাষ্ট্রপতি। এসব সমস্যা সমাধানে নিজেদের অধিকার রক্ষায় সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন তিনি।

মৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়া পুঞ্জির পানগাছ কাটার বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

রাষ্ট্রপতি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ ও শিক্ষার মানোন্নয়নের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডকে জাতীয় পরিসরে আরও সামনে নিয়ে আসার ওপর গুরুত্ব দেন।

এ সময় আগামী পহেলা বৈশাখে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে বঙ্গভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তাবের বিষয়েও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) বিজন কান্তি সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিশির দিওসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও সচিবও উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page