ডেঙ্গু রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না, অভিযোগ সেলিম উদ্দিনের

প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
ডেঙ্গু রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না, অভিযোগ সেলিম উদ্দিনের

ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিয়ে অভিযোগ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিন। ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসাব্যবস্থার ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর শ্যামলী পার্ক মাঠে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্প ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়। মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এ সময় ব্লিচিং পাউডারসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু জনসচেতনতা বাড়ালেই হবে না, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীরা যাতে যথাযথ চিকিৎসা পান, সেদিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ডেঙ্গুতে মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে তিনি হাসপাতালগুলোর চিকিৎসাব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার অভিযোগ, ডেঙ্গু আক্রান্ত অনেক রোগী হাসপাতালে উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না। বিদ্যমান চিকিৎসাব্যবস্থার ঘাটতি চিহ্নিত করে তা দূর করার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

উন্নত বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, জনগণের ভোগান্তি কমাতে সেসব দেশের জনপ্রতিনিধিরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। দেশের জনগণের সমস্যা সমাধানেও জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

জনগণের ভোগান্তি ও বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, এসব সমস্যা নিরসনে নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিস্থিতির পরিবর্তনের জন্য নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

মোহাম্মদপুর পূর্ব থানার আমির মো. মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে মহানগরীর শূরা সদস্য মো. জুবায়ের হোসাইন রাজন, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোস্তাক আহমেদ মাহবুব, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. সাইদুর রহমান, মহানগরীর যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন পাটওয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার সোমবার এসব তথ্য জানান।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page