ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান
চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা, মশক নিধন ও সচেতনতামূলক অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ বাবুপাড়া গ্রাম ও আশপাশের এলাকায় বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে পৌরসভার উদ্যোগে গঠিত ৮ নম্বর টিমের ব্যবস্থাপনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন, বিভিন্ন স্থানে কীটনাশক ওষুধ ছিটানো, গাছগাছালি পরিষ্কার ও ছাঁটাইসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননক্ষেত্র চিহ্নিত করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়। এ ছাড়া সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর নির্ধারক ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোহাঃ নওরোজ হুদা, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন, পৌরসভার কর্মচারী লিটন, শরিফ, শাহীন কাদির, কাদের ও আলী হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযানে রেড ক্রিসেন্ট ও স্কাউটসের সদস্যদের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মচারীরাও অংশ নেন। তারা বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
পৌরসভা সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার উদ্যোগে মোট ৮টি টিম বিভিন্ন ওয়ার্ডে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। একই সময়ে পৌরসভার অন্যান্য টিমও নিজ নিজ এলাকায় অনুরূপ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার অভিযান যথেষ্ট নয়। এ জন্য নাগরিকদেরও নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, ফুলের টবসহ যেকোনো খোলা পাত্রে পানি জমতে দেওয়া যাবে না।
এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই নিয়মিত জমে থাকা পানি অপসারণ এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল অনেকটাই কমানো সম্ভব। ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
