জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক ২০২৬’ সম্মাননায় মনোহরদীর নাজিম উদ্দিন
গুণী শিক্ষক–২০২৬ নাজিম উদ্দিন
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক–২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন। দীর্ঘদিনের শিক্ষকতা, নিষ্ঠা, সততা ও শিক্ষার প্রতি আন্তরিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।
বিশ্ব শিক্ষক দিবস–২০২৬ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মো. নাজিম উদ্দিন সংবর্ধনা, সনদপত্র, ক্রেস্ট ও দুই লাখ টাকা পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন সভাপতিত্ব করেন। এতে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন, সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত গুণী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার পর প্রতিক্রিয়ায় মো. নাজিম উদ্দিন মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন, এ সম্মান তাঁর একার নয়। বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী শিক্ষক, গভর্নিং বডির সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও দোয়ার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।
তিনি ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও আদর্শের সঙ্গে শিক্ষার সেবায় কাজ করে যেতে সবার দোয়া কামনা করেন।
এর আগে ২০২৫ সালে মো. নাজিম উদ্দিন মনোহরদী উপজেলার গুণী শিক্ষক এবং ২০২৬ সালে নরসিংদী জেলার গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। ধারাবাহিকভাবে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়ায় তাঁর শিক্ষকতা জীবনের অর্জনে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
নাজিম উদ্দিনের এ সাফল্যে খিদিরপুর ডিগ্রি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং সহকর্মী শিক্ষকরা শুভেচ্ছা জানিয়েছেন। তাদের ভাষ্য, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, খিদিরপুর ডিগ্রি কলেজ, মনোহরদী এবং নরসিংদীর জন্যও গর্বের বিষয়।
দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ এবং শিক্ষার প্রতি আন্তরিকতার স্বীকৃতি হিসেবেই তাঁর এই সম্মাননাকে দেখছেন তারা। মো. নাজিম উদ্দিন বর্তমানে খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
