গ্যাস সিলিন্ডারে অনিয়ম, দেশজুড়ে বিশেষ অভিযান

প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ণ
গ্যাস সিলিন্ডারে অনিয়ম, দেশজুড়ে বিশেষ অভিযান

এলপিজি সিলিন্ডারে বাড়তি দাম

গ্যাস সিলিন্ডারে বাড়তি দাম আদায় ও নানা অনিয়ম রুখতে দেশজুড়ে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে শনিবার (৩ অক্টোবর) ঢাকাসহ দেশের ১৬ জেলায় ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে একযোগে অভিযান চালানো হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের ২৩টি টিমের পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় বন্ধ করতে এই বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে বাজারে এলপিজি সিলিন্ডারের বিক্রয় ও সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করা হয়।
অভিযানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে কি না, ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ ও ক্রেতাদের দেওয়া হচ্ছে কি না, সিলিন্ডারের নিরাপত্তা বিধি প্রতিপালন করা হচ্ছে কি না এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি করা হচ্ছে কি না—এসব বিষয় বিশেষভাবে যাচাই করা হয়।
এ ছাড়া ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডার মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে তাদের সতর্ক করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের এই তদারকি কার্যক্রমের মাধ্যমে এলপিজি সিলিন্ডারের বাজারে অতিরিক্ত দাম আদায় ও কৃত্রিম সংকট তৈরির মতো অনিয়ম নিয়ন্ত্রণের পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের ন্যায্য মূল্যে পণ্যপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page