অটোগ্যাস সংকটে খাগড়াছড়ি, বিপাকে চালক-অ্যাম্বুলেন্স
খাগড়াছড়িতে অটোগ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি
খাগড়াছড়িতে অটোগ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্যাসচালিত যানবাহনের চালকেরা। জেলার দুটি স্টেশনের একটিতে গ্যাস না থাকায় বিক্রি বন্ধ রয়েছে। ফলে চালকদের অন্য স্টেশনে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সদরের একটি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে সাধারণ যানবাহনের পাশাপাশি জরুরি সেবায় ব্যবহৃত অ্যাম্বুলেন্সগুলোকেও অপেক্ষায় থাকতে হচ্ছে।
হেলথ কেয়ার হসপিটালের অ্যাম্বুলেন্সচালক মো. উমর ফারুক জানান, রোগী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার সময় প্রথমে জিরোমাইল এলাকার বিএম অটো গ্যাস ফিলিং স্টেশনে যান। সেখানে গ্যাস না পাওয়ায় অন্য স্টেশনে আসতে হয়েছে। কিন্তু এখানেও দীর্ঘ অপেক্ষা থাকায় রোগীকে অন্য অ্যাম্বুলেন্সে পাঠানোর ব্যবস্থা করতে হচ্ছে বলে জানান তিনি।
খাগড়াছড়ি ফিলিং স্টেশনের কর্মী অনুপ চক্রবর্তী বলেন, বর্তমানে স্টেশনে যে পরিমাণ গ্যাস রয়েছে, তা বিক্রি শেষ হয়ে যাবে। নতুন করে কবে গ্যাস সরবরাহ পাওয়া যাবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তারা।
এদিকে জিরোমাইল এলাকার বিএম অটো গ্যাস ফিলিং স্টেশনে মজুত শেষ হয়ে যাওয়ায় গতকাল সকাল থেকে অটোগ্যাস বিক্রি বন্ধ রয়েছে। স্টেশনটির ম্যানেজার মো. আকরাম বলেন, গ্যাস শেষ হয়ে যাওয়ায় স্টেশনটি বন্ধ রাখা হয়েছে। নতুন সরবরাহ কবে আসবে, তা তারাও জানেন না।
গ্যাসের সরবরাহ স্বাভাবিক না থাকায় জেলার গ্যাসচালিত যানবাহনগুলোকে জ্বালানি সংগ্রহে বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। এতে চালকদের পাশাপাশি জরুরি কাজে ব্যবহৃত যানবাহন নিয়েও ভোগান্তি তৈরি হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ বলেন, খাগড়াছড়িতে গ্যাস সরবরাহে কোনো সংকট রয়েছে কি না, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। তবে এ নিয়ে এখনো কোনো অভিযোগ তার কাছে আসেনি বলে জানান তিনি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
